শুক্রবার, ১৬ মার্চ, ২০১২

মানুষের প্রকৃতি বোঝার চেষ্টায়...(3)

লক্ষ্য এবং জীবন

এডলারইয়ান সাইকোলজির মূল ধারনা হল,মানুষ সবসময় তার লক্ষ্যের দিকে ছুটছে।ফ্রয়েড যখন বলেন আমরা আমাদের অতীত দ্বারা নিয়ন্ত্রিত তখন এডলার বলেন আসলে আমরা আমাদের লক্ষ্য দ্বারা নিয়ন্ত্রিত,কেউ সচেতন ভাবে বুঝি কেউ বুঝি না।আমাদের মধ্যে এই লক্ষ্য পরিবর্তন আনছে।অবশ্য লক্ষ্য মানুষ ভেদে বিভিন্ন হতে পারে।তাই আমরা আমাদের জীবন কাটাই একটা গল্প হিসেবে,যেখানে আমরা আমাদের নিজেদের কাছে এক ভিন্ন মানুষ আর আমরা গল্প এগিয়ে নিয়ে যাই একজন ভিন্ন মানুষ হতে।হয়ত এই গল্প বাস্তবতায় খুব একটা সত্য নাও হতে পারে,কিন্তু তা আমাদের বেঁচে থাকার শক্তি দেয়,আমরা একটা গতি তে থাকি।এ জন্য এই মানসিকতা পরিবর্তন করা খুব কঠিন কাজ।এডলার বলেন মানুষের জন্য সবচেয়ে কঠিন কাজ হল নিজেদের জানা,আর নিজেদের মধ্যে পরিবর্তন আনা।


এডলার তাই আমাদের সামনে নতুন দ্বার উন্মোচন করে দেন।যখন কোন মানুষ সচেতন ভাবে ক্ষমতার জন্য লড়াই আর তার সামাজিক দায়িত্ব নামের দুটো বিপরীত মুখি শক্তির মধ্যে ভারসাম্য রক্ষার কথা জানে তখন তারা এই শক্তির দ্বারা অনেক বেশি পরিবর্তিত হয়না।মাঝে মাঝে আমরা পরিবারের বাঁধনে বাধা পরি,তখন নিজের অনেক উপরে উঠার স্বপ্নে বাধা পরে,কিংবা মাঝে মাঝে আমরা আমাদের ইচ্ছার কল্পনার জগতের রাজকুমার কিংবা রাজকুমারী হয়ে যাই,সমাজের অনেক রীতি মানি না।এরকম অবস্থা আমাদের সম্ভাবনার দ্বার অনেক ক্ষেত্রেই রুদ্ধ করে দেয়।


এডলারের কাজ অনেকের কাছেই সাইকোলজির চেয়ে ফিলোসফি মনে হতে পারে।তবে সবাইকে সহজ নীতির মধ্য দিয়ে এক কাতারে নিয়ে আসাও অনেক কঠিন একটা কাজ।তার কাজের আরেকটা সমালোচনা আসে,কাজগুলো বৈজ্ঞানিক পরীক্ষার দ্বারা অনেক ক্ষেত্রেই প্রমাণিত না।কিন্তু ইনফেরিয়র কমপ্লেক্সইটির মত ধারনা গুলো আমাদের প্রাত্যহিক দিনের ধারণার মধ্যে ঢুকে গিয়েছে।


ফ্রয়েড আর এডলারের দুজনেই আমাদের ছেলেবেলাকে আমাদের পরবর্তী জীবনকে যে প্রভাবিত করে বললেও এডলারের বিশ্বাস ছিল এই জ্ঞানকে আমাদের সমাজের বৃহত্তর স্বার্থের জন্য কাজে লাগানো সম্ভব।তার বিশ্বাস ছিল 'understanding human nature'এর কাজ শুধু সাইকোলজিস্ট না,সাধারণ মানুষদের কাজে লাগুক।এই বইটি তাই সকলের বোধগম্য করে লেখা হয়েছে।



এডলারের জীবন

জন্ম ১৮৭৯ সালে ভিয়েনাতে,সাত ভাইয়ের মধ্যে দ্বিতীয়।ডাক্তারি পড়েন ইউনিভার্সিটি অফ ভিয়েনাতে।ফ্রয়েডের সাথে তার পরিচয় ১৮৯৮ সালে।ভিয়েনা সাইকোলজিক্যাল সোসাইটির সাথে যুক্ত ছিলেন ১৯১১ সাল পর্যন্ত।পরে নিজেই সূচনা করেন সোসাইটি অফ ইনডিভিজুয়াল সাইকোলজির।প্রথম বিশ্বযুদ্ধে কাজ করেন মিলিটারি হসপিটালে।তার যুদ্ধবিরোধী মনোভাব তখনই গড়ে উঠে।১৯৩২ সালে তিনি আমেরিকাতে চলে আসেন কারন সরকার তার ক্লিনিকগুলো বন্ধ করে দেয়,যেহেতু তিনি ইহুদী ছিলেন।।তার উল্লেখযোগ্য বইয়ের মধ্যে আছে The Science of Living, The Practice and Theory
of Individual Psychology,What Life Could Mean to You.তিনি মারা যান ১৯৩৭এ হার্ট অ্যাটাকে স্কটল্যান্ডে।

বৃহস্পতিবার, ১৫ মার্চ, ২০১২

মানুষের প্রকৃতি বোঝার চেষ্টায়...(২)

কিভাবে আমি একজন 'আমি' হয়ে উঠি

এডলারের ধারনা ছিল আমাদের মানসিকতা আমাদের বংশগত নয় বরং আমাদের মানসিকতা আমাদের পরিবেশের দ্বারা নিয়ন্ত্রিত।আমাদের 'চরিত্র' আসলে ভারসাম্য রক্ষার খেলার একটা ফলাফল,যেখানে আমাদের মনের দুটো বিপরীতমুখী শক্তি খেলে,একটা আমাদের ক্ষমতা পাওয়ার ইচ্ছা,আরেকটা হল সামাজিক পরিবেশে থাকার প্রয়োজনীয়তা,সবার সাথে থেকে একাকীত্ব কাটানোর প্রবনতা।এই
 শক্তি দুটো পরস্পরের বিপরীত আর প্রতিটা মানুষে তার প্রকাশও ভিন্ন।আমরা মাঝে মাঝে এই শক্তির বিপরীতে চলার শক্তি অর্জন করি,মাঝে মাঝে এই শক্তির কাছে আত্মসমর্পণ করি।এ জন্যই এডলার বলেন,একটা ক্ষমতালোভী মানুষ তার ধ্বংস নিজেই ডেকে আনে।


ধরা যাক,একজন লোক প্রথম শক্তিকে এড়িয়ে চলতে চায়,অথবা ভয় পায়,যদি সে সামাজিক অনুভুতি আর তার প্রতি মানুষের যে আশা তার প্রতি মনোযোগ না দেয়,তখন তার মাঝে কিছু আগ্রাসী গুণাবলী স্পষ্ট হয়ে উঠে,সে অহংকারী,উচ্চাকাঙ্ক্ষী,লোভী,হিংসুটে হয়ে উঠে কিংবা হয়ে উঠে অন্তর্মুখী,যখন সে সব কিছু থেকে নিজে কে সরিয়ে নেয়,সে দুশ্চিন্তায় ভোগে,মানুষের সাথে তার সামাজিক যোগাযোগ করার ক্ষমতা কমে যায়।যখন এমন অনুভূতিগুলো আমাদের গ্রাস করে,তখন আমাদের মনের গহীনে থাকে কিছু না পাওয়ার হাহাকার,তীব্র অপূর্ণতা।আবার এই অপূর্ণতা আমাদের এমন প্রেরণা দিতে পারে যা আমাদের প্রচণ্ড শক্তি জোগাতে পারে।এই মানুষগুলো বাঁচে একটা বড় বিজয়ের প্রত্যাশায়।সে হয়ত কিছু সময়ের জন্য এই নেতিবাচক অনুভূতি গুলো থেকে দূরে থাকতে পারে কিন্তু তাদের নিজের প্রতি বিশ্বাস মাঝেমাঝে বাস্তবতা থেকে সরে যায়।তাদের নিজের প্রতি অনুভূতি বলতে কিছু থাকে না,তারা সবসময় ভাবতে থাকে অন্যরা তাদের ব্যাপারে কি ভাবল।যখন তারা নিজের পৃথিবীতে একজন স্রষ্টা তখন অন্যদের কাছে তারা আত্মকেন্দ্রিক মানুষ,যারা হয়ত জীবনকে আরেকটু ভালভাবে উপভোগ করতে পারত।


সমাজের শত্রুরা


এডলার বলেন,ব্যর্থ কিংবা অহংকারীরা একটা ছদ্মবেশ ধরে থাকে।তারা বলে তারা একটু বেশি উচ্চাভিলাষী,আর কিছুই না।তারা তাদের সত্যিকারের অনুভূতিগুলো লুকিয়ে রাখে,হয়ত ব্যর্থতার হতাশা,মাঝে মাঝে তারা সাজসজ্জায় খুব অগোছালো থাকে,মাঝেমাঝে তারা আবার অতিমাত্রায় বিনয়ী হয়ে উঠে।তাদের জীবনের
 সবকিছু তখন একটা প্রশ্নে নেমে আসে 'আমি এটা করে কি পাবো?'


তখন এডলার প্রশ্ন তোলেন আমাদের অধিকাংশ আবিস্কার কি তাহলে মানুষের কল্যাণের জন্য ব্যায় করা কিছু ব্যর্থতা আর হতাশা?নিজেকে বড় ভাবা হয়ত সাফল্যের জন্য প্রয়োজনীয় নিয়ামক?কিন্তু তার উত্তরটা নাটকীয়।না,অহংকারটা আসলে  সত্যিকারের প্রতিভাকে খুব একটা প্রভাবিত করেনা,আসলে হয়ত কাংখিত সাফল্য থেকে দূরে সরিয়ে দেয়।আসলে মানবজাতির জন্য বড় আবিষ্কারগুলো নিয়ে এসেছে আমাদের সামাজিক অনুভূতিগুলো।আদতে আমরা সবাই কিছু না কিছু পরিমাণে অহংকারী কথা হল আমরা সেটা কতটা ভাল কাজে ব্যাবহার করছি।



আসলে বেশি অহংকারী মানুষগুলো সমাজের কাজে তাদের সময় নষ্ট করতে চায়না।তাদের লক্ষ্য একটা নির্দিষ্ট সম্মান,পদ,কিংবা বস্তু।এটা পাওয়ার জন্য তারা সমাজের সব নিয়ম কিংবা ভদ্রতা মানতে পারেনা।এ জন্য তারা সকলের কাছ থেকে আস্তে আস্তে দুরে সরে আসে,তাদের সম্পর্ক তৈরি কিংবা চালিয়ে  যাওয়ার ক্ষমতা খুব কম হয়।তাই তারা তাদের নিজেদের দোষের জন্য অন্যকে দোষারোপ করতে চায়।


সামাজিক জীবনযাপন আমাদের কিছু আইন কানুন শিখায়,প্রত্যেকের তার শারীরিক আর মানসিক চাহিদা পূরণের জন্য অন্য কাউকে প্রয়োজন হয়।ডারউইন এ জন্যই বলেন দুর্বল প্রাণীরা দলবদ্ধ হয়ে বসবাস করে,একা বাস করতে পারে না।তাই এডলার বলেন সমাজে স্থান করে নেওয়াই আমাদের সবচে বড় মানসিক কর্তব্য।একটা মানুষ হয়ত অনেক কিছু অর্জন করল কিন্তু সমাজের সাথে মানিয়ে নিতে পারল না,তখন তার মনে হবে সে কিছুই অর্জন করতে পারেনি,তার আসেপাশের মানুষগুলোকে একই রকম ভাববে।এডলারের মতে,এরা হল সমাজের শত্রু।

বুধবার, ১৪ মার্চ, ২০১২

মানুষের প্রকৃতি বোঝার চেষ্টায়...(১)

ভূমিকা


প্রথমেই আলফ্রেড এডলারের পরিচয় দেই।

১৯০২ সালের দিকে,কয়েকজন ডাক্তার প্রতি বুধবারে ভিয়েনার এক এপার্টমেন্টে আড্ডা দিতে বসতেন।সিগমুণ্ড ফ্রয়েডের
এই "wednesday society" কিংবা বুধবার সংঘ পরে হয়ে উঠেছিল ভিয়েনা সাইকোএনালিটিকাল সোসাইটি।আর আলফ্রেড এডলার এই সোসাইটির প্রথম প্রেসিডেন্ট।


এমন এক সময়ে উনার জন্ম যখন ফ্রয়েড তার খ্যাতির শীর্ষে,কিন্তু উনি ফ্রয়েডের শিষ্য হয়ে উঠেননি।সাফল্য পেয়েছেন নিজের মত করে।ফ্রয়েড যখন অভিজাত সমাজের একজন হয়ে জন্মেছিলেন,এডলার ছিলেন একজন ছোট ব্যবসায়ীর সন্তান।তাদের কাজগুলোতেও তাই পার্থক্য দেখা যায়।ফ্রয়েড যখন অ্যান্টিক সংগ্রহ করতেন,এডলার তখন কাজ করেছেন দরিদ্রদের শিক্ষা আর স্বাস্থ্য নিয়ে।

তাদের মধ্যে বিখ্যাত বিচ্ছেদ ঘটে ১৯১১ সালে,যখন এডলার,ফ্রয়েড সুপ্ত যৌনঅনুভূতিকেই তার সাইকোলজিকাল থিয়রীতে গুরুত্ব দিলেন।পরে এডলার তার study of organ inferiroity and its psycological comopensation বইতে বলেন মানুষের তার নিজের শরীর আর তার দুর্বলতা সম্পর্কে ধারণা তার জীবনের লক্ষ্য নির্ধারণে বড় নির্ধারক হয়ে দাড়ায়।ফ্রয়েডের ধারণা মতে মানুষ পুরোপুরি তার অবচেতন মন দিয়ে নিয়ন্ত্রিত,কিন্তু এডলার ধারণা দেন আমরা সামাজিক প্রাণী,যারা নিজেদের জীবন,পরিবেশের সাথে তার সম্পর্কের মাধ্যমে পরিবর্তন করে নেয়,সে ভাবতে বুঝতে শিখে তার দুর্বলতা কোথায়। ব্যক্তি তার নিজের স্বতন্ত্রতা দেখাতে চায়,তার চারপাশের মানুষের মধ্যে ক্ষমতা প্রদর্শন করতে চায়,আবার সুস্থ ব্যক্তিত্বরা সমাজের সবার সাথে মানিয়ে চলতে শিখে,সবার ভালোর জন্য কিছু করে।


দুর্বলতার ক্ষতিপুরন

ফ্রয়েডের মত এডলারও বিশ্বাস করতেন মানুষের চিন্তাচেতনা খুব ছোটবেলাতেই গড়ে উঠতে শুরু করে,আর এটা পরে আর খুব একটা পরিবর্তন হয়না। কিন্তু ফ্রয়েড যখন শৈশবের যৌনচেতনা নিয়ে বলেন তখন এডলার বলেন একটা শিশু কিভাবে কিভাবে তার চারপাশের দুনিয়াতে তার ক্ষমতা বাড়াতে চায় সেটা নিয়ে। যখন শিশুরা এমন একটা পরিবেশে বড় হয়,যেখানে সবাইকে তার অনেক বড় আর ক্ষমতাবান মনে হয়,তখন শিশুরা সবচেয়ে সহজ পথে তার ইচ্ছার বস্তুটি পেতে চায়।


এডলার  "birth order" ধারণা দেন। যেমন পরিবারের ছোট সন্তানটি সবচেয়ে কম ক্ষমতার অধিকারী
সে মাঝেমাঝেই পরিবারের সবচে সক্ষম ব্যক্তি হতে চায়। তখন হয় সে বড়দের অনুকরন করে দৃঢ়প্রত্যয়ী আর ক্ষমতাশালী হতে চেষ্টা করে, অথবা ইচ্ছা করে দুর্বলতা প্রদর্শন করে,যেন বড়রা তাকে সাহায্য করে,সে যেন আরেকটু বেশি মনোযোগ পায়।


সংক্ষেপে প্রতিটি বাচ্চা এমন ভাবে বেড়ে উঠে যেন সে তার দুর্বলতার ক্ষতিটা পূরণ করতে পারে।আমাদের কিছু না করতে পারার অনুভূতি থেকে শতরকমের প্রতিভা আর সামরথের জন্ম হয়। যখনই নিজে কে ছোট মনে হয় তখনই নিজেকে প্রমান করার ইচ্ছা তীব্র হয়ে উঠে। তাই শিশুদের এই ছোট মনে করার মধ্য থেকে বের করে আনতে হবে যত্নের মাধ্যমে,যেন সে জয় আর জয়ের জন্য কতটুকু করা প্রয়োজন এটা বুঝতে পারে,সবকিছুর মধ্যে ভারসাম্য রাখতে পারে।আমাদের সবারই ছোটবেলাতে শারীরিক কিংবা মানসিক দুর্বলতা থাকতে পারে,কথা হল সেতা আমাদের প্রাপ্তবয়স্ক জীবনে সম্পদ নাকি অভিশাপ হবে সেটা অনেকাংশে আমাদের উপর নির্ভর করে।


মাঝে মাঝে এই ভারসাম্য রক্ষা খুব একটা সহজ হয়না,তখনই সমস্যা শুরু হয়।এটার জন্য এডলার একটা অসাধারন ধারনার জন্ম দেন।'ইনফেরিয়রটি কমপ্লেক্স'নামক যে শব্দগুচ্ছ বিষয়টি আমরা বহুবিধ ব্যাবহার করি তা এডলারের আবিস্কার। এটি যেমন কাউকে সবকিছু থেকে নিজেকে একা করে দেয়ার প্রবণতার জন্ম দেয়, তেমন কাউকে ক্ষমতালোভীও করে দিতে পারে।সে নিজের ক্ষমতার জন্য মাঝেমাঝে মানুষ আর সমাজের বড় ক্ষতি করে দিতে পারে।এডলার ইনফেরিয়রটি কমপ্লেক্সের এমন এক উধাহারন দেখান ছোট্ট একটা মানুষকে দিয়ে।এই মানুষটি হলেন নেপোলিয়ন।