বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০১১

আসলে কি গুগল প্লাসের দরকার আছে?

গুগল যেখানে হাত দেয়,কিছু না কিছু পরিবর্তন আসে,নিজে গুগল সার্চের দুনিয়ায়,জিমেইল মেইলের দুনিয়াতে,গুগল অধিকৃত ইউটিউব ভিডিও শেয়ারিং এর জন্য,পিকাসা ছবি শেয়ারের জন্য,থেকে গুগল ডকস আমাদের ক্লাউড কম্পিউটিং করে দিয়েছে অনেক সহজ।নোকিয়ার সিম্বিয়ানকে পিছনে ফেলে এন্ড্রয়েডের
দ্রুত উত্থান,সিম্বিয়ানের বিদায় ঘণ্টা বাজিয়ে দিয়েছে। গুগল ব্রাউজারের জগতে ক্রোমের কারণে বেশ জনপ্রিয়তা কুড়িয়েছে।গুগলের তৈরি করা মোবাইল ফোন নেক্সাস বেশ জনপ্রিয়তা পেয়েছে।ম্যাপের কথা ভাবলে আমার মাথায়
প্রথম আসে গুগল ম্যাপসের কথা।টেকনোলজির প্রতিটা জায়গায় যেমন গুগলের অনেক প্রতাপ,যখন প্রশ্নটা সোশাল নেটওয়ারকিং এর জায়গায় আসে,গুগল সেখানে হোঁচট খেয়েছে বারবার।গুগল ওয়েভ কিংবা গুগল বাজ এগুলোর নাম আমরা তেমন কেউ শুনি না।কারণ এখানে আছে,ফেসবুক আর টুইটারের মত জায়ান্ট।ফেসবুক সবচে আলাদা মনে হয়,কারণ ফেসবুক জনপ্রিয়তা পেয়েছে আগুন ছড়ানর গতিতে।ফেসবুক খুব তাড়াতাড়ি পৃথিবীর মোটামুটি সবদেশে ছড়িয়ে পড়েছে,আর ফেসবুকের কারণে মার্ক জুকারবার্গ হয়েছেন সবচেয়ে অল্প বয়স্ক বিলিওনিয়ার।ফেসবুক আদতে আমাদের চারপাশের দুনিয়াতে একটা বিপ্লব নিয়ে এসেছে।


ফেসবুক এর বিশালতা



ফেসবুকের সাথে গুগল প্লাসের কতোটা ব্যাবধান দেখে নেওয়া যাক।আসলে গুগল প্লাস কতোটা পিছন থেকে শুরু করবে তা দেখা যাক।



*ফেসবুকের ৭৫০ মিলিয়ন সক্রিয় ব্যাবহারকারি আছে।এর মধ্যে ৫০% ব্যাবহারকারি কোন নির্দিষ্টদিনে লগ ইন করেন।এভারেজ ইউজারদের ১৩০ জন
করে বন্ধু আছে।মানুষ প্রতিমাসে ৭০০ বিলিওন মিনিট ফেসবুকে খরচ করে।প্রতিমাসে ৩০ বিলিওনের মত কনটেন্ট(যেমন লিঙ্ক,ব্লগপোস্ট,ছবির অ্যালবাম ইত্যাদি) শেয়ার করেন।


গুগল প্লাস মাত্রই শুরু হয়েছে,হয়ত এর সফল হওয়ার মত সক্ষমতাও আছে।কিন্তু যে মানুষগুলো ইতিমধ্যে ফেসবুকে আছেন,তাদের সব বন্ধুরাও তাদের সাথে
ফেসবুকে যোগাযোগ করেন,তাদের গুগল প্লাসে কি আসলে আসার কোন আশা আছে?এটাই এখন প্রধান প্রশ্ন।গুগল প্লাস অনেকটাই ফেসবুকের মত।যেকারনে
অনেকেই হয়তো এখানে আসার প্রয়োজন বোধ করবেন না।আমাদের এটাও মনে রাখতে হবে,মাইস্পেস ফেসবুকের সমসাময়িক হলেও ফেসবুকের সাথে প্রতিযোগিতায় টিকতে পারেনি।যদিও মাইস্পেসের মিউজিক শেয়ারইং টা অনেকের পছন্দ ছিল,কিন্তু শেষ পর্যন্ত মাইক্রোসফট কর্পরেশনকে হারই মানতে হল।
কিন্তু প্রতিদ্বন্দ্বী যেহেতু এবার গুগল ফলাফল ভিন্ন হতেই পারে।



এক নজরে দেখে নেওয়া যাক গুগল প্লাসে কি নতুন পাচ্ছি আমরা?


গতকাল আমি আমার গুগল প্লাস ইনভাইট পেলাম।গুগল প্লাস এখনও পরীক্ষাধিন আছে,তাই কারও গুগল প্লাস একাউন্ট পেতে হলে তার
 গুগল প্লাস ব্যাবহারকারি কারও ইনভাইট লাগবে।আমি যা যা দেখলাম তাই বলি।



সবাই বলছিল গুগল প্লাস অনেকটাই ফেসবুকের মত।আসলেও তাই।

*সার্কেলঃ এই জিনিসটা আমার অতিরিক্ত পছন্দ হয়েছে।যে কোন ফ্রেন্ডকে আমরা কিছু নির্দিষ্ট সার্কেলে রাখতে পারি।আমি আমার ইচ্ছা মত সার্কেল বানাতে পারি।আমি যখন কিছু শেয়ার করব,অথবা স্ট্যাটাস দিব আমি ঠিক করে দিতে পারব,কোন কোন সার্কেল এই শেয়ার করা জিনিস অথবা স্ট্যাটাসটা দেখতে পারবে।শুধু পরিবার অথবা বন্ধু যে কোন সার্কেলের জন্য নির্দিষ্ট করে আমি যে কোন কিছু দিতে পারি।যেটা ফেসবুকে নাই।ইউজার ইন্টারফেসের কথা বলব,
এক কথায় অসাধারণ।যে কাউকে যে কোন সার্কেলে কার্সর দিয়ে তুলে ফেলে দিলেই হবে।


*হ্যাং আউটঃএক কথায় চ্যাটকেই বলছে,কিন্তু ব্যাপারটা আরও ভালো।ইচ্ছা করলেই একটা সার্কেলের ১০ জনের সাথে ভিডিও চ্যাট করা যাবে।জিটক ইনটিগ্রাটেড থাকে।ফেসবুকও অবশ্য সাম্প্রতিক কালে স্কাইপের সাহায্যে এই সুবিধাটা দিয়েছে।


*স্পার্কসঃআমাদের যে যে বিষয়ে আগ্রহ আছে,তার সবসময়ের আপডেট দিতে থাকে।যেমন আমি স্পার্কসে আমার পছন্দের দল লিভারপুলকে অ্যাড করেছি,মোটামুটি সব আপডেট আমি এক জায়গায় পেয়ে যাচ্ছি।


*সার্চঃজিনিসটা ফেসবুকের চেয়ে ভালই লাগলো।


*পিকনিকঃ কোন ছবি যখন আপলোড করলাম তখন পিকাসাতেও চলে যাচ্ছে।আরও মজার ব্যাপার হল,যে ছবিটা আমি  আপলোড করলাম সেটা আমি পিকনিক দিয়ে মোডিফাই করতে পারি।মোটামুটি ভালই পিকচার এডিট করা যায়।রেড আই এর মত জিনিসগুলো ছবি থেকে সহজেই সরিয়ে ফেলা যায়।


*সব একসাথে এক জায়গায়ঃগুগল প্লাসে লগ ইন করার পর আমার প্রোফাইলের উপর একসাথে জিমেইল,ক্যালেন্ডার,ডকুমেন্ট,রিডার সব একসাথে পাওয়া যায়।আমার জিমেইল চেক করতে আমাকে আলাদা ভাবে লগইন করতে হলনা,এটা একটা বড় সুবিধা।


*প্রাইভেসিঃফেসবুকে অনেকের এটা নিয়ে মনে দুঃখ ছিল।তাই গুগল প্লাস এদিকে বেশ মন দিয়েছে।



*প্লাসওয়ানঃঅনেকটা ফেসবুকের লাইকের মত।তবে প্লাসওয়ান দিয়ে ইচ্ছা করলে কোন ওয়েবসাইটকে মার্ক করা যাবে,যেটার সার্চ রাঙ্কিং ভালো হবে।
শেয়ারইং আরও সোজা হয়ে যায়।


*সহজে শুরু করা যায়ঃযদি একটা জিমেইল একাউন্ট থাকলে গুগলপ্লাসে লগইন করেই সব শুরু করা সম্ভব।আলাদা ইমেইল পাসওয়ার্ড লাগবে না।


****যা গুগল প্লাসে মিস করবেনঃ

*বিভিন্ন নেটওয়ার্ক।
*অসংখ্য ব্র্যান্ড,আর্টিস্টদের  পেজ কিংবা গ্রুপ।গুগল প্লাস অবশ্য বলেছে এমন সুবিধা তারা খুব তাড়াতাড়ি চালু করবে।
*অদ্ভুত অদ্ভুত সব প্রশ্ন,বন্ধুরা সবাই মিলে উত্তর দেওয়া।
*গুগল প্লাসের নোটিফিকেশান সিস্টেম খারাপ না।তবে আমার ফেসবুকেরটাই বেশি ভালো লেগেছে।
*কিভাবে আমি যিঙ্গা পোকার কিংবা ফার্মভিলের কথা ভুলে গেলাম?!অনেকে এমন গেমগুলো খেলে বেশ মজা পেয়েছেন,অনেক জনপ্রিয় এই গেমগুলো।
গুগল প্লাসে এমন কোন গেম এখনও তৈরি হয়নি।এটা অবশ্যই একটা ফ্যাক্টর হবে।
*মোবাইল অ্যাপ্লিকেশানঃসব মোবাইল প্লাটফর্মের জন্য ফেসবুকের অ্যাপস আছে,এমনকি জাভা ফোন গুলোর জন্য পর্যন্ত।এমন অ্যাপস দিয়ে সহজেই
ছবি আপলোড দেয়া যায়।গুগল প্লাসের মোবাইল অ্যাপস শুধু এন্ড্রয়েড আর আইফোনের জন্যই আছে,পরে হয়তো বাকিরা পাবে।



সংক্ষেপে গুগল প্লাস হল এরকম।যদিও এটা এখনও শিশু পর্যায়ে আছে।আমি জানি না,কেউ আরেকটা সোশ্যাল নেটওয়ার্কে আসবে কিনা,আমার কাছে গুগল প্লাস খারাপ লাগেনি।নতুন যেকোনো আইডিয়া আমার ভালো লাগে।যারা ফেসবুকেই এত সুবিধা পাচ্ছেন,তারা এখানে নাও আসতে পারেন।গুগলকে আরও ইনোভ্যাটিভ কিছু দেখাতেই হবে।তবে গুগল প্লাস ফেসবুকের মত,কিংবা আরও বেশি সরল,যেটা অনেকের কাছেই ভালো লাগবে।আপাতত অপেক্ষা,আর গুগল প্লাসের জন্য শুভ কামনা।


আমার গুগল প্লাসঃdebashis datta.

রবিবার, ১৭ জুলাই, ২০১১

আমরা যে খেলাগুলো খেলে থাকিঃমানুষের সম্পর্কের মনস্তত্ত্ব

বাবা ঘরে ফিরল,সারাদিন অফিস করে।এসে,দেখল তার মেয়ে টিভি দেখছে।
কিছু কথা বলার পর বাবার কেন যেন মনে হল মেয়েটা তার সাথে রুঢ় আচরণ করছে,তাই তার
রাগ উঠে,অথবা আসলেই মেয়েটা তার সাথে রুঢ় আচরণ করে যা তার বাবাকে রাগিয়ে তুলে।
দোষটা যেই করুক,আস্তে আস্তে সমস্যা বাড়তে থাকে,দুজনের কণ্ঠই চড়তে থাকে।সবশেষে ৩টা
ব্যাপার ঘটার সম্ভাবনা থাকে ১.বাবা তার রুমে চলে যায়,আর জোরে দরজাটা লাগায়,২.মেয়েটা
তার রুমে চলে যায়,এবং জোরে দরজা লাগায় ৩.দুজনই তাদের নিজ নিজ রুমে যায়,আর শব্দ করে
দরজা লাগায়।এই ঘটনার জন্য,এই খেলাটার নাম 'হইচই' খেলার শেষ হল জোরে দরজা লাগান দিয়ে।



সংক্ষেপে আমরা এই থিওরিটাকে বলতে পারি,আমাদের সত্যিকারের অন্তরঙ্গতার বিকল্প হিসেবে আমরা
অনেকগুলো খেলা খেলি।অপ্রীতিকর এই খেলাগুলোর মূল্য খেলোয়ারকে দিতে হয়,মাঝে মাঝে একজনকে
অথবা দুজনকেই।





১৯৬১ সালে এরিক বার্ন একটা বই লিখেছিলেন ,বইয়ের শিরোনাম অতিরিক্ত বোরিং।
Transactional Analysis in Psychotherapy.
নাম দেখে ঘুম পায়,যদিও বইটা সফল ছিল নতুন ধারণার প্রবর্তন করার
জন্য।তার তিনবছর পর,বইটার ধারণাটা এগিয়ে নিতে তিনি নতুন একটা বই লিখেন।
নাম দেন,games people play অথবা যে খেলাগুলো মানুষ খেলে
থাকে।বইটার শিরোনাম অনেক বেশি আকর্ষণীয়,লেখা হয়েছিলো সাধারণ মানুষের
বোঝার মত করে কথ্য ভাষায়।প্রথম দিকে বিক্রি তেমন ভালো ছিল না।কিন্তু
বছর দুয়েকের মধ্যে বইটা নিউইয়র্ক টাইম্‌সের বেস্টসেলারের তালিকায় উঠে আসে।
সাইকোলজি ছাড়া এই বইটা আরেকটা ধারণা দেয়,পপ সাইকোলজির বই নামক
নতুন একটা ধারণা।সাধারণ মানুষ পায় সাইকলজির দুনিয়াতে এসে পড়ার স্বাদ।
নন ফিকশন বই লিখেও এরিক বেশ ধনী হয়ে গেলেন।


আমরা সবাই জানি,নিজেকে নিজে সাহায্য করা কিংবা আত্মউন্নয়ন জাতীয় বই কিংবা
কঠিন কঠিন ভাষায় লেখা সাইকোলজির বইয়ের কথা।এরিক নিয়ে আসলেন
সম্পূর্ণ ভিন্ন একটা ধারা।দেখা যাক তার ধারণাটা সংক্ষেপে কি ছিল।


এরিক বলেন,কোন মানুষ যদি অনেকদিন ধরে সংবেদী অনুভুতি না পায় তবে তার
মধ্যে সাইকোসিসের লক্ষন দেখা যায় ।তাই আমাদের মানুষের সংস্পর্শে থাকতে হয়।
কিন্তু সব সময় সেটা সম্ভব না বলে,আমরা কম্প্রমাইসে যাই।তখন আমাদের
মানসিক অভিঘাতের প্রয়োজন হয়।আরও সহজ ভাষায় বলতে গেলে ছোট ছোট
মানসিক ধাক্কার প্রয়োজন হয়।ধরা যাক কোন বিশাল সিনেমার স্টারের কথা।
তার কাছে মানসিক অভিঘাত হয়ে উঠে প্রতি সপ্তাহে তার কাছে আসা হাজার হাজার
চিঠি।আমাদের সময়ের জন্য সেটা হতে পারে ফেসবুকে ফ্যানদের হাজার হাজার
ওয়াল পোস্ট।আবার কোন বিজ্ঞানীর জন্য হয়ত সেটা তার কর্মক্ষেত্রের কোন
বড় বিজ্ঞানীর প্রশংসা।


এই অভিঘাতগুলোকে এরিক বলেন,সামাজিক কাজগুলোর একক।আর যখন আমরা এই
অভিঘাতগুলো আদানপ্রদান করি,তখন তাকে এরিক বলেন,মানসিক লেনদেন।



প্রশ্ন হল আমরা কেন খেলি?


আমাদের এই অভিঘাতগুলো প্রয়োজন তাই।মানুষ এই সমাজে লেনদেন করছে যদিও
এই লেনদেনগুলো নেগেটিভ হচ্ছে।কারণ তার কাছে,একদম না থাকার চেয়ে "কিছু একটা"
আছে এই অনুভুতিটা জরুরি।তার যখন নৈকট্যর প্রয়োজন হয়ে পড়ে,সে তখন এরিক
বর্ণিত মানসিক খেলা খেলতে শুরু করে।এই খেলাগুলোর ফলাফল হয় মোটামুটি
আন্দাজ করা যায়।খেলাগুলো খেলা হয় গোপন উদ্দেশ্য নিয়ে।কিন্তু আমরা অধিকাংশ সময় বুঝে
উঠিনা,আমরা একটা খেলা খেলছি,আমাদের কাছে এটা প্রতিদিনকার মত ব্যাবহার।
অনেকটা পোকার খেলার মত।আমাদের সত্যিকারের অভিসন্ধি কেউ আন্দাজ
করতে পারে না,কারণ আমরা খেলাতে জিততে চাই।যখন এটা আমরা ব্যবসায় খেলছি তখন
আমরা হয়ত কোন কাজ পাওয়ার জন্য করি।কিন্তু যখন আমাদের সম্পর্কগুলোর মধ্যে এই
খেলাটা খেলা হয়,তখন পুরস্কার কি?উত্তর হল,মানসিক প্রশান্তি আর
প্রিয়জনের উপর নিয়ন্ত্রণ বাড়ান।


যারা সাইকোএনালাইসিসের ব্যাপারটা সম্পর্কে জানে,এরিকের ট্রান্সএকশনাল এনালাইসিস খুব
ভিন্ন মনে হবেনা।সেটা অবশ্য মনোবিদদের দরকার।সহজ একটা ঘটনা দেখি আমরা।
একবার এরিকের কাছে একটা রোগী আসলো,যে স্বীকার করল যে সে আসলে বড়দের শরীরে
একটা শিশুমন,যেটা আটকা পরে আছে।যখন সে তার অনুভুতিগুলো বলে,পরে এরিক জিজ্ঞাসা করেন,এটা তার
ভিতরের বাচ্চার কথা নাকি বড় হয়ে যাওয়া অংশের কথা।এভাবে উনি বুঝলেন একটা মানুষের
মনের মধ্যে তিনটা শেলফের তাকের মত অবস্থা রয়েছে,একটি অন্যটিকে বিরোধিতা করে।

১।অভিভাবকদের চিন্তা চেতনা(আমাদের বাবা মার মত)


২।প্রাপ্তবয়স্কদের মত যুক্তিবাদীটা,সত্যকে মেনে নেয়ার ক্ষমতা


৩।বাচ্চাদের মত কাজ কারবার।


ধরা যাক,আমাদের কোন সামাজিক যোগাযোগ হচ্ছে,আমরা এই তিনটা
অবস্থার একটাতে থাকবো,কিন্তু আমরা দ্রুত এক অবস্থান থেকে অন্যটিতে
যেতে পারি।কোন একটা নির্দিষ্ট অবস্থায়,আমরা বাচ্চাদের মত ক্রিয়েটিভ,আগ্রহী আর
সুন্দরে মুগ্ধ হতে পারি,আবার তাদের মত সহজে রেগেও যেতে পারি।

আমরা যখন খেলি,তখন আমরা তিন অবস্থার একটা বেছে নেই।যখন আমরা নিরপেক্ষ
আর সত্যিকারের অন্তরঙ্গ হতে পারতাম,আমরা যা চাই তা পাওয়ার জন্য আমরা হয়ে উঠি
আদেশ দেওয়া অভিভাবকের মত,কিংবা অবুঝ বাচ্চার মত,কখনও নিজের ভেতরের
প্রাপ্তবয়স্কের কঠিন মতামত বের করে আনি।


একটা রাষ্ট্রও কি খেলতে পারে?অবশ্যই পারে।



এবার আসা যাক তাত্ত্বিক কচকচানির বাস্তব উধাহারনে।



খেলা ১:শুধু তোমার জন্যই আমি......


এই খেলাটা দম্পতিদের মধ্যে বেশি খেলা হয়।এই খেলার খেলোয়াড়রা দাবি করে,তারা জীবনে
যা করতে চাইছিল,তার সঙ্গীটি এই পথের বাধা।


এরিক আমাদের ধারণা দেন,আমরা অবচেতন মনে এমন কোন সঙ্গি বেছে নেই,যেন
আমরা তাদের উপর নির্দিষ্ট শর্ত দিয়ে সীমা আরোপ করতে পারি।উদাহারন হিসেবে
এরিক দেখান,একজন মহিলা যার নাচ শেখার অনেক ইচ্ছা।সমস্যা হল,তার
স্বামী বাইরে যেতে তেমন পছন্দ করেন না,তাই মহিলার সামাজিক জীবনটা
অনেক ছোট।উনি একটা নাচের স্কুলে ভর্তি হলেন,কিন্তু উনি তখন দেখলেন,মানুষের
সামনে নাচতে উনার অসম্ভব ভয় করছে অবশেষে তিনি স্কুল ছেড়ে চলে আসেন।এখানে
এরিকের ভাষ্য হচ্ছে,যে কারণে আমরা আমাদের সঙ্গীটিকে বেশি দোষারোপ করছি,
আমাদের মাঝেই ঐ দোষটা হয়ত বেশি আছে।এই দোষ দেওয়ার খেলাতে,আমাদের
ভয় পাওয়া কিংবা ত্রুটিগুলোর দায়িত্ব আমরা এড়িয়ে যাচ্ছি।



খেলা ২:কেন এটা করছ না?- আচ্ছা,করলাম,তাহলে......


এই খেলাটা শুরু হয়,যখন কেউ তাদের জীবনের কোন একটা সমস্যা বলে,
তখন অন্য ব্যাক্তিটি কোন একটা গঠনমুলক উপদেশ দেন কিভাবে সমস্যাটি
সমাধান করতে হবে।তখন প্রথম ব্যাক্তি বলেন,ঠিক আছে তাই করলাম কিন্তু...এবং উনি এই
সমাধানের মধ্যে ভুল খোঁজা শুরু করেন।যখন আমরা প্রাপ্তবয়স্ক অবস্থায় থাকবো তখন
আমরা সমাধানটি নিয়ে যুক্তি দিয়ে ভাববো।কিন্তু আমাদের এই কথোপকথনের উদ্দেশ্য
সেটা ছিল না।এটার মাধ্যমে সে দ্বিতীয় ব্যাক্তির কাছ থেকে সিমপ্যাথি আদায় করছে
যা তার শিশু অবস্থাটার প্রয়োজন।তখন দ্বিতীয় ব্যাক্তিটি অভিভাবক অবস্থায় খেলতে যাচ্ছে।




খেলা৩:আমিতো খোঁড়া তাই......


যখন কেউ এই খেলাটা খেলে তখন সে মোটামুটি একটা রক্ষনশিল অবস্থান নেয়
এবং বলে 'একজন খোঁড়া পায়ের/মাতাল/বিকারগ্রস্থের কাছ থেকে তুমি কি আশা 
কর?'তার নিজের মধ্যের কিছু সমস্যাকে সে তার সকল ব্যার্থতার জন্য দায়ি 
করে,যেন তাদের জীবনের সকল দায়িত্ব থেকে পালিয়ে বেড়াতে পারে।


খেলা৪: অনুষ্ণ মেয়ে-যে যৌনতায় আগ্রহী না।


এই খেলা শেষ হয় সাধারনত ভয়ানক ঝগড়া দিয়ে।সাধারণত,কোন কোন 
মেয়ে ছোটবেলা থেকে যৌনতা কিংবা পুরুষের ব্যাপারে খারাপ ধারণা নিয়ে বেড়ে 
উঠে।সাধারণত এমন হয় যদি কেউ নিজের পরিবারের মধ্যে নির্যাতনের শিকার 
হয়।হয়ত সে ছোটবেলায় পরিবারের কাছের কারও মাধ্যমে নির্যাতনের শিকার,কিংবা
 হয়ত তার বাবাকে বেড়ে উঠার  সময় সে ভালো ব্যাবহার করতে দেখেনি।

তাই মেয়েটা ধরে নেয় যৌনতা ব্যাপারটা খারাপ,আর পুরুষ মানুষ মাত্রই খারাপ।
এই কারণে তার সঙ্গী তার সাথে স্বাভাবিক যৌনসম্পর্ক গড়ে তুলতে পারেনা।


আবার যদি ছেলেটাও এমন খেলাতে আগ্রহী হয়,সে ইচ্ছে করেই এমন একজন 
অনুষ্ণ মেয়েকে তার সঙ্গী হিসেবে বেছে নিয়েছে,কারণ আসলে সে তার সঙ্গিনীর মতই 
সত্যিকারের যৌনসম্পর্কে আগ্রহী না।


খেলা ৫:ফাঁদ পাতার খেলা 




এই খেলার পুরস্কার হয় তার কোন কাজ করতে অস্বীকৃতি জানানো আর যাকে 
ফাঁদ পেতে ধরা হল তার উপর ক্ষমতার যে অনুভুতি সেটা পাওয়ার জন্য।


এই খেলা শুরু হয়,প্রথম কোন লোক,ধরা যাক,কোন মেয়ের সাথে অন্তরঙ্গতা 
বাড়ায়।তাকে আশা দেয়,তার পর তাকে যা দেওয়ার কথা টা দেয় না।যেমন তার একাকিত্তে সঙ্গ।
আশাটা ছিল ফাঁদ,আর মানুষটা যখন নির্ভরশীল হয়ে পড়লো তখন 
যে ফাঁদটা পেতে ছিল সে তার সুবিধা তোলা শুরু করে।


খেলা ৬:সব দোষ সরকারের...


এই খেলাটা যারা খেলে তারা তাদের ব্যাথতা থেকে সব কিছুতেই সরকারের দোষ খুঁজে পায়
সরকার যত ভালো কাজই করুক।তাদের যে কাজ করে খেতে হবে এটা তারা মানতে চায়না।


খেলা ৭:সরকার সম্পর্কিত আরেকটি খেলা 


কিছু মানুষ হয়ত কোন দোষই করেনি,কিন্তু তারা কষ্ট ভোগ করে,এর সাথে 
খেলাটার কোন সম্পর্ক নেই।কিন্তু আরেক স্রেনির মানুষ আছে,যারা অবচেতন 
মনে কষ্ট পেতে চায়।অবচেতনে যারা এই কষ্টটা  তাদের দিলো,তাদের প্রতি 
এই কষ্টবিলাসীরা একপ্রকার খুশিই হয়।

তারা হয়ত অনেকদিন ধরেই একটা অযোগ্য আর দুর্নীতিবাজ সরকারকে 
সমর্থন দিচ্ছে।আস্তে আস্তে সকল কিছুতেই যখন অযোগ্যতার ছাপ পড়তে থাকে 
,তখন তারা একত্রিত হয়,অভিযোগ করতে থাকে,আর 'কি ভয়ানক।'
খেলাটা খেলতে থাকে।যদিও তারাই এই দুর্নীতিবাজ সরকার ক্ষমতায় এনেছিল।
কিন্তু তারাই কোন উদ্যোগ নেয় না,বিকল্প ব্যাবস্থার,অথবা বিকল্প দলের যারা
হয়ত তাদের জন্য যোগ্য সরকার এনে দিতে পারতো।



খেলা ৮:আম্মু,ভাইয়া ওইটা করেছে...


এই খেলাতে বাচ্চারা অভিভাবকদের কাছে বিভিন্ন অভিযোগ করে।তাদের 
অবচেতন মনের ইচ্ছা থাকে,বাবা মা হয়ত তাদের ভাই বা বোনকে বকা অথবা শাস্তি 
দিবেন।এই খেলাটা বাচ্চারা মাঝে মাঝে বাবা মার কাছে নিজের গুরুত্ব বাড়াতেও 
খেলে থাকে।

খেলা ৯:ধার্মিকতার ছদ্মবেশ


এই খেলাতে সাধারণত যে খেলে সে খুব ধার্মিকতার ভাব ধরে।সাধারণত 
সে অন্যকে এটা নিয়ে কথা শোনাতে ছাড়েনা,যদিও তার ভেতরে ধর্ম নিয়ে 
তেমন কোন অনুভুতি নেই।



খেলা ১০ :সব দোষ তার 



যারা এই খেলা খেলে তাহলে সে সবকিছুতেই অন্যদের দোষ খুঁজে পায়।
তারা এই খেলা খেলতে খেলতে এতোটাই পারদর্শী হয় যে তারা সকল কিছু তেই সমস্যা 
খুঁজে পাবে,সেই কাজটা যত ভালো ভাবেই করা হোক না কেন।


খেলা ১১ :দেশগুলোর মধ্যে খেলা,শান্তির বার্তা


এই খেলাটা আমাদের চারপাশে অহরহ খেলা হয়।সকল দেশই শান্তির কথা 
বলে চলে কিন্তু আদতে শান্তির ব্যাপারে অনেকেই আগ্রহী না,নিজেদের স্বার্থেই।


এমন আরও অসংখ্য খেলা আছে যা আমরা খেলে থাকি।এরিক বলেন এই খেলাগুলো
 খেলার নিয়ম আমরা জন্মপ্রদত্ত ভাবে পেয়ে আসি,যদিও 
এগুলো আমাদের জীবনের অনেক কিছুকেই সীমাবদ্ধ করে দেই,কিন্তু এই 
খেলাগুলো দিয়ে আমরা একধরণের সুখানুভূতি অনুভব করি,এবং অন্যান্য 
মানসিক সমস্যা থেকে আমাদের চোখ কিছুক্ষণের জন্য হলেও সরিয়ে রাখতে
সাহায্য করে।আবার কেউ কেউ ভাবে তাদের আপন জন কিংবা বন্ধুদের 
সাথে ঝগড়া করতে হবে,সম্পর্কে আগ্রহী থাকতে হলে।এরিক আমাদের সাবধান করে
দেন,যদি আমরা অনেক দিন ধরে খারাপ ধরণের খেলা গুলো খেলতে থাকি তা আমাদের 
জন্যই ক্ষতিকর হবে।



যদিও এরিকের কাজকে পপ সাইকোলজির অংশ ভাবেন অধিকাংশ 
মনোবিদ,সাইকোলজিতে তার অবদান কম না।ট্রান্সঅ্যাকশনাল এনালাইসিস 
চিকিৎসায় বেশ ব্যাবহিত হয়।ফ্রয়েডীয় ধারণার সাথে অনেক মিলই আছে,
অবচেতনের তাড়না,কিংবা এমন অনেক কিছুই ফ্রয়েডীয় ধারণার সাথে মিলে যায়।
এরিকের মতে আমরা আসলে এই খেলাটা বন্ধ করতে পারি,যদি আমাদের কাছে 
বিকল্প জানা থাকে।আমরা যখন আমাদের ছোটবেলা পিছনে ফেলে আসি,তখন আমরা 
আমাদের প্রাকিতিক ভাবে প্রাপ্ত আত্মবিশ্বাস,কৌতূহল আমরা পিছনে ফেলে 
অভিভাবকদের ধারণার সাথে মিশে যেতে চাই,পারি আর না পারি।যদি আমরা 
আমাদের মনের এই তিনটা ধারণার সাথে আরও ভালো ভাবে পরিচিত হই,
তাহলে আমরা আরও বেশি 'আমরা' হয়ে উঠতে পারব।আমরা আমাদের 
নিজেদের দায়িত্বগুলোকে আরও সহজে মেনে নিতে পারব,অন্যদের মুখাপেক্ষি না হয়ে,
আর আমরা সত্যিকারের অন্তরঙ্গতার বদলে তখন এই খেলাগুলোও খেলব না।




(চাইছিলাম এরিকের এই কাজ নিয়ে কিছু লিখতে।
লিখতে বসে দেখি সব মিলিয়ে খিচুড়ি হয়ে গেছে।অসাধারণ অসাধারণ সব উধাহারণ বাদ দিতে
হল কারণ লেখা অতিরিক্ত দীর্ঘ হয়ে গেল।এখন একটা বাংলা বিজ্ঞান pdf এর কাজ করছি
তাই ব্লগে লেখা জমাচ্ছিলাম,তাও ভাবলাম লেখাটা এখানেই রাখি।)


লেখাটি অনুবাদ,ভাবানুবাদ অবশ্য।মূল লেখার অনেক কিছুই আমি বাদ দিয়ে অনেক কিছু যোগ করেছি।
মূল বইঃeric berneর games people play.
২.tom butler bowdenএর 50 psychology classic
৩.internet

শনিবার, ৯ জুলাই, ২০১১

কোকাকোলা কি থেকে তৈরি হয়?

কোকাকোলা আবিস্কারের পর থেকেই এর উপাদানগুলো গোপনে রাখা হয়েছে যেন
অন্য কোন কোম্পানি নকল না করতে পারে।এটা গোপনে একটা ব্যাংকের ভল্টে সংরক্ষণ
করা আছে।


কোকাকোলা নামটি রাখা হয় ১৮৮৬ সালে,এটার মধ্যে থাকা দুটি উপাদানের কারণে
একটি হল কোলাবাদাম আরেকটা হল কোকো পাতার নির্যাস যার মধ্যে কোকেন থাকে।যদিও
এই উপাদানগুলো খুব কম পরিমাণে থাকত এবং ১৯২৯ সালে এই উপাদানের ব্যাবহার বন্ধ করে দেওয়া হয়।


এর উপাদানের পুরোপুরি সঠিক পরিমাণ জানা যায়না,এটা কখনও জনগনের সামনে উন্মুক্ত করা
হয়না।এর আসল কপি আটলান্টার সান ট্রাস্ট ব্যাংকের ভল্টে রাখা আছে।শোনা যায়যে মাত্র দুজন
এক্সিকিউটিভের এই ফর্মুলা জানা ছিল,যদিও তারা পুরো ফর্মুলার অর্ধেক করে জানতেন।
এটা কোকাকোলা কোম্পানির নীতি,যে কোন এক্সিকিউটিভ ফর্মুলার অর্ধেক
জানতে পারবেন।যখন আকাশে ভ্রমণ করার ব্যাপারটা জনপ্রিয় হয়ে উঠে,তখন কোম্পানি নিয়ম
করে যে দুজন এক্সিকিউটিভ একসাথে এক প্লেনে ভ্রমণ করতে পারবেন না।



যদিও আমরা কোকাকোলার একদম নির্ভুল উপাদানের পরিমান জানতে পারব না,নিচের উপাদানগুলো
কোকাকোলাতে আছে এটা নিয়ে কারও মধ্যে দ্বিমত নেই।



উপাদানসমূহঃদারুচিনি,জায়ফল,লেমন ও লাইম,কমলা,ধনিয়া,ক্যারামেল,কোকোয়া,নেরোলি তেল,
ভ্যানিলা ইত্যাদি।

শুক্রবার, ৮ জুলাই, ২০১১

কেন প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধ হল?

প্রথম বিশ্বযুদ্ধ চলেছিল ১৯১৪-১৯১৮ সাল পর্যন্ত।এই যুদ্ধকে গ্রেট ওয়ার নামে
অনেকেই অভিহিত করে।


১৯১২-১৯১৩ সালের বলকান যুদ্ধের পর থেকেই অস্ট্রিয়ান সরকার তাদের
জাতীয় নিরাপত্তা নিয়ে শঙ্কিত ছিল।কারণ সার্বরা অষ্ট্রিয়ার কাছে কিছু ভূখণ্ড
দাবি করছিল।অস্ট্রিয়া ভাবছিল,রাশানরা সার্বদের হয়ত সহায়তা করবে অস্ট্রিয়ার স্লাভিক
অধ্যুষিত অঞ্চলগুলো দখল করে নিতে।এরকম একটা সময়ে,২৮শে জুন,১৯১৪ সালে
অস্ট্রিয়ার সিংহাসনের পরবর্তী দাবিদার ফ্রাঞ্জ ফারদিনান্দ,সারাজেভে(বসনিয়া এবং হার্জেগভিনার রাজধানী)
একজন বসনিয়ান সার্বের হাতে নিহত হন।ফলশ্রুতিতে অস্ট্রিয়ান সরকার,জার্মানদের সমর্থনে,
সার্বিয়ান সরকারের কাছে কিছু অবাস্তব দাবি জানায়।সার্বিয়া অস্বীকৃতি জানানোর পর
অস্ট্রিয়া হাঙ্গেরি যুদ্ধ ঘোষণা করে।রাশিয়া সার্বদের সহায়তায় এগিয়ে আসে।এ ঘটনায় জার্মানী রাশিয়ার
বিপক্ষে যুদ্ধ ঘোষণা করে।পরে ফ্রান্স রাশিয়াকে সহায়তা করতে গেলে জার্মানি ফ্রান্সের বিপক্ষেও যুদ্ধ ঘোষণা করে।
জার্মানি বেলজিয়াম দখল করলে,ব্রিটেন জার্মানির বিপক্ষে যুদ্ধ ঘোষণা করে।
কারণ ব্রিটেন বেলজিয়ামের স্বাধীনতার নিরাপত্তা দিতে বদ্ধপরিকর ছিল।এ ভয়াবহ যুদ্ধে এক কোটি
পঁয়ষট্টি লাখ লোক মারা যায়,আহত হয় আরও ২ কোটির মত লোক।




দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় ১৯৩৯ সালে,চলেছিল ১৯৪৫ সাল পর্যন্ত।এই যুদ্ধের মূল কারণ
আসলে প্রথম বিশ্বযুদ্ধের ফলাফলের মাঝেই নিহিত।যুদ্ধে পরাজয়ের কারণে,জার্মান নেতারা ভারসাই চুক্তি
সাক্ষরে বাধ্য হন,যেকারণে জার্মানি তাদের অধিকাংশ ভূমি হারায়।যুদ্ধের ক্ষতিপূরণ আর দেশের ভগ্ন অবস্থার
কারণে জার্মানি অর্থনৈতিক মন্দায় পড়ে,বেকারত্বের  হার বাড়তে থাকে। ১৯৩০ সালে ইউরোপে শুরু হয় এক
ভয়ানক অর্থনৈতিক মন্দা,যা গ্রেট ডিপ্রেশন নামে পরিচিত।এসকল কারণে জার্মানিতে উগ্র জাতীয়তাবাদের
উত্থান ঘটে।ক্ষমতায় আসে হিটলারের নাজি পার্টি।হিটলার ইতালির ফ্যাসিস্ট সরকারপ্রধান মুসলিনির
সাথে  সন্ধি করেন,ভারসাই চুক্তির শর্ত ভঙ্গ করেন।জার্মানি সাম্রাজ্যের পরিধি বাড়াতে সেনাক্ষমতা বৃদ্ধি শুরু হয়।
জার্মানি ফ্রান্স সীমান্তবর্তী রাইনল্যান্ড দখল করে।ফ্রান্স এবং ব্রিটেন কূটনীতির মাধ্যমে সমস্যার সমাধান করতে চাইলেও
জার্মান সাড়া পাওয়া যায়নি।জার্মানি তারপর অস্ট্রিয়া এবং চেকস্লোভাকিয়া দখল করে নেয়।১ সেপ্টেম্বর,১৯৩৯ যখন জার্মানি
পোল্যান্ড দখল করে নেয়,রাশিয়াসহ মিত্রশক্তি যুদ্ধ ঘোষণা করে।জাপান পরে অক্ষশক্তির পক্ষে  যোগ দেয়।পার্ল হারবারে
জাপানের বিমান আক্রমনের পর মার্কিন যুক্তরাষ্ট্র মিত্রশক্তির পক্ষে যুদ্ধে যোগদান করে।




দ্বিতীয় বিশ্বযুদ্ধ মানব ইতিহাসে সবচেয়ে ভয়াবহ যুদ্ধ,যেখানে ৬ কোটি মানুষ নিহত হয়।

শীতকালে মশারা কোথায় যায়?

যখন গ্রীষ্মকাল  চলে মশার যন্ত্রণায় টেকাই দায় হয়ে পরে,আবার যখন শীত আসে হঠাৎ করেই
মশার উৎপাত কমে যায়।আবার তাপমাত্রা বাড়লে তারা এসে হাজির হই।প্রশ্ন হল কেন?শীতকালে
মশা মাছিরা কোথায় যায়?


মশা আর মশার মত কিছু পতঙ্গ এ সময় শীতনিদ্রায় যায়।আর এজন্য তাদের পছন্দ অন্ধকার
আর স্যাঁতস্যাঁতে জায়গা।আবার যখন বসন্ত পেরিয়ে গ্রীষ্ম আসে তখন নারী মশা আবার প্রস্তুতি নিয়ে ডিম পাড়তে
শুরু করে।তেমনি করে মাছিদের এই সময় টায় স্বাভাবিক শরীরবৃত্তীয় কাজ গুলো আস্তে আস্তে কমতে যায়,তারা
গভীর ঘুমে চলে যায়।যখন আবার তাপমাত্রা বাড়ে তারা স্বাভাবিক অবস্থায় ফিরে যায়।


আবার কিছু পতঙ্গ শীত আসলেই মারা যায়।তারা গরম এর সময় ডিম পাড়ে,শীত আসলে তারা মারা
গেলেও তাদের ডিম ঠাণ্ডায় জমে যায়।শীত শেষে ডিম ফুটে নতুন প্রজন্মের পতঙ্গরা বের হয়ে আসে।


আর কিছু পতঙ্গ যেমন কিছু জাতের প্রজাপতি আর ফসলের পোকারা শীতের সময় এলাকা ছেড়ে চলে যায়,আবার
গরম কালে ফিরে আসে।

মাথার চুল ফেলে দিলে তা কি আরও ঘন আর কালো হয়ে উঠে?

এটা একটা প্রচলিত মিথ যে চুল কাটলে কিংবা কামিয়ে ফেললে তা আরও ঘন আর কালো
হয়ে উঠে।আসলে এটা একটা ভুল ধারণা।


আমাদের চুলের গোঁড়ায় হেয়ার ফলিকল থাকে,আর এই হেয়ার ফলিকল ঠিক করে
আমাদের চুল কি হারে বাড়বে অথবা তার রঙ কি হবে।বার বার চুল কামালে আমাদের
এই হেয়ার ফলিকল এর সংখ্যার কোন পরিবর্তন হয়না।আসলে কারও চুল এর রঙ অথবা কতো
টুকু ঘন হবে তা তার জীনই নির্ধারণ করে থাকে।আর চুল এর যে অংশের প্রাণ আছে,তা চামড়ার
নিচে থাকে।যে কারণে কাটলে তার কোনও পরিবর্তন হয়না।


চুল যখন উঠে তখন গোঁড়ার দিকটা  দেখা যায় যা একটু বেশি মোটা,আস্তে আস্তে তা বড় হতে থাকে
আর আগের সমান লম্বা হওয়ার পর তারা আবার আগের পুরুত্বে আর ঘনত্বে ফিরে আসে।

আমাদের চোখের বিভিন্ন রঙ হয় কেন?

যখন রাস্তায় আমরা কোন নীলনয়নাকে দেখি অথবা কোন গান শুনি নীল রঙের চোখ নিয়ে তখন
আমাদের প্রশ্ন জাগতে পারে আমাদের অনেকের চোখের ভিন্ন ভিন্ন রঙ হয় কেন?


আমাদের চোখের যে অংশটা রঙিন তার নাম আইরিশ,যেটা আমাদের কালোরঙের পিওপিলকে
ঘিরে আছে।সাধারণত এর রঙ হয় বাদামী,নীল,সবুজ বা পিঙ্গল বর্ণ।


আইরিশ এর রঙিন হওয়ার পিছনে অবদান মেলানিন নামক রঞ্জকের।মেলানিন রঞ্জক আমাদের ত্বক
এবং চুলেও থাকে যদিও আইরিশের মেলানিন একটু ভিন্ন প্রকৃতির।কারও আইরিশে মেলানিন এর
পরিমাণ নির্ধারণ করে কারও চোখের রঙ কি হবে।মেলানিন এর রঙ হলুদাভ বাদামী থেকে গাঁড় বাদামী।
কারও চোখে যদি বেশি মেলানিন থাকে তার চোখ হবে বাদামী,যার কম থাকবে তার হবে নীল।
তাই যার শরীর গাঁড় রঙের তার চোখও বাদামী হওয়ার সম্ভাবনা বেশি।


চোখ এর রঙ নির্ধারণ করে কিছুসংখ্যক জীন।বাদামী রঙ এর জীনরা নীল রঙ এর উপরে প্রকট।
আর মাঝে মাঝে অবশ্য দু চোখ এর রঙ ভিন্ন হতে পারে।এটাকে হেটারোক্রোমিয়া আইরিডিস বলে।এটা
খুবই দুর্লভ ঘটনা।ইতিহাসে আলেকজান্ডার দ্যা গ্রেট এর এই অসুখ ছিল।

মানুষ কেন কাঁদে?

কান্নার কারণে আমাদের চোখ থেকে অশ্রু ঝরে,তা তৈরি হয় চোখের আইলিড
 অর্থাৎ আমরা যেটাকে চোখের পাতা বলি,তার নিচের গ্রন্থি থেকে।আমাদের চোখের
প্রতিরক্ষার জন্য চোখ সবসময়ই অশ্রু তৈরি করে,যেটা আমাদের চোখকে পরিষ্কার
রাখে।যখন আমাদের চোখে কোন কিছু পড়ে তখনও এই গ্রন্থিগুলো অশ্রু তৈরি করে,
চোখকে রক্ষা করার জন্য।এগুলো ছাড়াও আরেক ধরনের অশ্রু আছে।আসলে অশ্রু
বলতে আমরা এটাকেই বুঝাই।যখন আমরা আবেগপ্রবণ হয়ে পড়ি তখনি এই
অশ্রু আমাদের চোখে আসে।



যখন আমরা শারীরিক কিংবা মানসিক কষ্ট পাই,তখন অশ্রুগ্রন্থিগুলো সঙ্কুচিত
হয়,এবং অশ্রু চোখে আসে।যখন মানুষ আবেগে কষ্ট পায় তখন তার শরীরে বিভিন্ন
হরমোন এবং অন্যান্য কেমিক্যাল তৈরি হয়।যেগুলো আমাদের আবেগী অবস্থার
অশ্রুতে পাওয়া যায়,স্বাভাবিক অবস্থার অশ্রুতে পাওয়া যায়না।বিভিন্ন বৈজ্ঞানিক পরীক্ষায়
দেখা গেছে যে,এসব বাড়তি হরমোন আর কেমিক্যাল অশ্রুতে চলে যাওয়ার কারণে
মানুষ প্রকৃতপক্ষে ভালো অনুভব করতে করে ।সুতরাং পরের বার কষ্ট পাওয়ার পর,
তা চেপে না রেখে কান্নাই হয়ত ভালো অনুভুতি আনতে পারে।



মানুষই মনে হয় একমাত্র প্রাণী যে কাঁদতে পারে,যদিও কেউ কেউ বলেন হাতি এবং
গরিলারাও কাঁদতে পারে।

মানুষের মৃত্যুর পরেও কি চুল ও নখ বড় হতে থাকে?

আমরা অনেকেই এই তথ্যটা শুনেছি যে মৃত্যুর পর মানুষের চুল নখ বড় হতে পারে।
এটি একটি মিথ।অনেকের কাছেই দেখলে এমনটা মনে হতে পারে,আসলে ব্যাপারটা
দৃষ্টিবিভ্রম।


যখন আমাদের মৃত্যু ঘটে তখন আমাদের শরীরের সকল কোষ মারা যায়,এমনকি
যে কোষ গুলো আমাদের চুল এবং নখ তৈরি করে সেগুলোও।শরীর থেকে আস্তে আস্তে
পানি বেরিয়ে যেতে থাকে,যে কারণে মৃতের চুল আর নখের পাশের ত্বক সঙ্কুচিত হয়ে
গুটিয়ে যায়,তখন এই অবস্থা দেখলে আমাদের মনে হয় যেন চুল কিংবা নখ বড়
হয়ে গেছে।আসলে সেগুলো একি দৈর্ঘ্যের আছে,আসেপাশের টিস্যুগুলোই সঙ্কুচিত হচ্ছে।
আমরা যখন মৃতের দিকে তাকাই তখন আমরা চুল আর নখের বেড়ে যাওয়াটা দেখতেই
তাকাই,টিস্যুর দিকে তাকাই না।চুল এবং নখ ত্বকের চেয়ে অনেক দেরিতে মাটিতে
মিশে যাওয়ার কারণে তা আমাদের চোখে বেশি ধরা পড়ে।

পিসার হেলানো টাওয়ারের ইতিহাস কি?

পিসার হেলানো টাওয়ারের কথা মনে আসলে আমাদের মনে আসে একটা হেলানো
টাওয়ারের স্থাপত্যশৈলীর কথা।যারা বিজ্ঞানের ছাত্র অনেকেই জানেন গালিলিও গালিলি
তার মধ্যাকর্ষণের বিখ্যাত পরীক্ষা এখানেই করেছিলেন।


পিসার হেলানো টাওয়ার প্রকৃতপক্ষে একটি বেল টাওয়ার যা ইটালির পিসা নগরীতে
অবস্থিত।এর দৈর্ঘ্য ১৮০ ফিট,এবং একদিকে তা প্রায় ১৪ফিট হেলানো,যা সপ্তম তালা থেকে
মাপলে ১০% অবনমন।এই টাওয়ারের প্রকৃত স্থপতি কে জানা যায়নি,তবে ধারণা করা হয়
এটার স্থপতি বনানো পিসানু।


টাওয়ারের যখন নকশা করা হয় তখন সেটা স্বাভাবিক ভাবেই বানানোর পরিকল্পনা
ছিল।কিন্তু ১১৭৩ সালে নির্মাণ কাজ শুরু করার কিছুদিন পরেই টাওয়ারটি হেলে যাওয়া
শুরু করে,কারণ এর নিচের মাটি টাওয়ারটির স্থিরতা দেওয়ার  মত উপযুক্ত ছিল না।
আসলে এটা গড়ে উঠছিল,একসময়ের নদী ডেলটা এর বালুময় এলাকার উপর।
তিন তালা তৈরি করার পরেই টাওয়ারটি ডুবে যাওয়া শুরু করে।টাকার অভাবে এর কাজ বন্ধ
করে দেওয়া হয়।পরে ১২৭২ সালে আবার কাজ শুরু করা হয়,এবার আরও চার তালা
তৈরি করা হয়,আর উত্তর দিকে ওজন বাড়িয়ে এর হেলে পড়া কমাতে চেষ্টা করা হয়।
১৩০১ সালে আবার নির্মাণ কাজ বন্ধ হয়,এবং একসময় ১৩৭২ সালে,অর্থাৎ নির্মাণ শুরুর
২০০ বছর পর এর কাজ শেষ হয়।এ সময় শেষ তালা এবং বেল চেম্বারের কাজও শেষ হয়।
তখন সাধারণ মানুষ ২৯৬ ধাপ পার হয়ে বেল চেম্বার পর্যন্ত উঠতে পারতো।



এই টাওয়ারকে সোজা করতে অনেক চেষ্টাই করা হয়েছে।এর মাঝে একটা বিখ্যাত
প্রচেষ্টা ছিল মুসোলিনির,কিন্তু তার চেষ্টার কারণে এটা আরও বেশি হেলে পড়ে।
আরেকবারের বৃথা চেষ্টার পর ১৯৯০ সালে তা আবার বন্ধ হয়ে যায়।২০০১ এ আবার
টাওয়ারটি জনগণের জন্য খুলে দেওয়া হয়।প্রতি বছর দেশ বিদেশের অনেক পর্যটক
টাওয়ারটি দেখতে ইটালিতে যান।

কিভাবে কম্পাস ছাড়া দিক নির্ণয় করা সম্ভব?

যেকোনো গোলার্ধে দিন কিংবা রাতে কম্পাস ছাড়া দিক নির্ণয় করা সম্ভব।সবচেয়ে
সহজ উপায় হল হাতের ঘড়ি ব্যাবহার করা কিংবা আকাশে চাঁদ এবং অন্যান্য তারার
অবস্থান দিয়ে দিক নির্ণয় করা।


দিনের বেলায় হাতে যদি একটা অ্যানালগ ঘড়ি(যে ঘড়িতে ঘণ্টা  মিনিটের জন্য আলাদা
কাটা থাকে)থাকে তাহলে দিক নির্ণয়ের জন্য নিম্নবর্ণিত পদ্ধতি ব্যাবহার করা যায়।
ঘড়ির কাটা স্থানীয় সময়ের সাথে মিলিয়ে নিয়ে তা ভূমির সমান্তরালে রাখতে হবে।
আপনি যদি উত্তর গোলার্ধে থাকেন তাহলে,ঘড়ির ঘণ্টার কাটা সূর্যের দিকে রাখতে হবে,
তারপর ঘড়ির ঘণ্টার কাটা এবং ঘড়ির ১২টার মধ্যে যে কোণ তৈরি হল,তা একটি
রেখা দ্বারা সমদ্বিখণ্ডিত করতে হবে।রেখার যে দিকটা আপনার এবং ঘড়ি থেকে
দূরে চলে যাচ্ছে সেটা হল দক্ষিন দিক।অপরপক্ষে,যদি কেউ দক্ষিন গোলার্ধে থাকেন,
তাহলে সূর্যের দিকে ধরতে হবে ঘড়ির ১২টা,তারপর ১২টা এবং ঘড়ির কাটার
মধ্যে যে কোণ তৈরি হয় টা একটা রেখা দিয়ে সমদ্বিখণ্ডিত করলে রেখার যে দিকটা আপনার এবং ঘড়ি থেকে
দূরে চলে যাচ্ছে তা হল উত্তর দিক।বিষুবরেখা থেকে যত দূরে যাওয়া যায়,এই পদ্ধতি তত
ভালো কাজ করে।যদি ঘড়ি না থাকে তবে একটা কাগজে ঘড়ি একে কাজ চালানো যায়।



এবার আসি রাতের বেলার কথায়।চাঁদ যদি সূর্য ডোবার আগে উঠে তাহলে চাঁদের পশ্চিম দিক
আলোকিত হবে,আর যদি চাঁদ সূর্য ডোবার পড়ে উঠে তাহলে চাঁদের পূর্ব দিক আলকিত হবে।
তাছাড়াও বিভিন্ন তারার অবস্থান দেখে দিক নির্ণয় করা যায়,যেমনটা দূর সমুদ্রে মাছ ধরতে
যাওয়া নৌকার  মাঝিরা করে।এখন অবশ্য যুগের পরিবর্তনের কারণে প্রায়
সব নৌকাতেই কম্পাস থাকে।

ডলফিনরা কতোটা বুদ্ধিমান?

মানুষের পর প্রাণীজগতে সবচেয়ে বুদ্ধিমান ধরা হয় ডলফিনদের।আবার বোতলনাক(bottlenose)
ডলফিনদের মধ্যে সবচেয়ে বুদ্ধিমান ভাবা হয়।টিভির কল্যাণে আমরা ডলফিনদের দেখেছি
,বিভিন্ন খেলা দেখিয়ে আমাদের আনন্দ দিতে।


ডলফিনরা সামাজিক এবং দলবদ্ধ হয়ে থাকতে পছন্দ করে,যেটা তাদের বুদ্ধিমত্তার পরিচায়ক।তারা একে অপর
এর সাথে যোগাযোগ করতে শব্দের সাহায্য নেয়,মাঝে মাঝে শব্দত্তর তরঙ্গ(ultrasocic sonar) ব্যাবহার করে
যোগাযোগ করতে আর খাবার খুঁজে পেতে।এ যোগাযোগের জন্য তাদের মধ্যে ভালো সম্পর্ক তৈরি হয়,যেমনটা হয় মানুষের মাঝে।


ডলফিনরা মানুষের কাছাকাছি থাকতে ভয় পায়না,ভালো বন্ধুত্ব তৈরি করতে পারে,আর মাঝে মাঝে
হাঙ্গরের হাত থেকে মানুষকে রক্ষা করেছে,এমন কাহিনীও শোনা যায়।তারা
অনেক কিছু শিখতে পারে এজন্যই তারা পানির মাঝে সুন্দর শারীরিক কসরতের খেলা দেখাতে পারে।
তারা সেনাসদস্যদের মাইন খুঁজে বের করতে সাহায্য করতে পারে,আরও বিভিন্ন কাজে ডলফিনরা
অংশগ্রহণ করতে পারে।



কোন প্রাণীর মস্তিস্কের আকার তার বুদ্ধিমত্তা পরিমাপের একটা পদ্ধতি হতে পারে,সেক্ষেত্রে ডলফিনের
মস্তিষ্কের আকার বেশ বড়।মস্তিস্কের একটা অংশ যার নাম ফ্রন্টাল লোব,ডলফিনের ক্ষেত্রে এর  আকার মানুষের
চেয়ে বড়,আর কর্টেক্স যার কাজ স্মৃতি রক্ষা করা,তাও বেশ সুগথিত।তাই মানুষ ডলফিনদের সাথে আকার ইঙ্গিতের
মাধ্যমে যোগাযোগ করতে পারে আর ডলফিনরা আয়নাতে নিজেদের চিনতেও পারে,যেটা প্রাণীজগতে বেশ দুর্লভ একটা
গুণ।ডলফিনদের নিয়ে পৃথিবীর অনেক দেশে গবেষণা চলছে

ইন্টারনেট কি,আর ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের সাথে এর পার্থক্যই বা কি?

মাঝে মাঝেই এই দুই শব্দ এমন ভাবে ব্যাবহার হয়,মনে হয় দুটো জিনিসই এক।
যদিও দুটো আলাদা জিনিস।ইন্টারনেট হল নেটওয়ার্ক এর নেটওয়ার্ক,যেটা কম্পিউটার
গুলোর মধ্যে সংযোগ সাধন করে।যখন দুটো কম্পিউটার ইন্টারনেটে যুক্ত থাকবে,তখন তারা
একে অপরের সাথে বিভিন্ন কম্পিউটার ভাষায় (computer language),যাদের
কে বলা হয় প্রটোকল(protocol)।ইন্টারনেটে কোন তথ্য থাকে না,এটা আসলে তথ্য
যাওয়া আসার একটা মাধ্যম।তাই তথ্য গুলো খুঁজে বের করা হয় ইন্টারনেট দিয়ে।



ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব কিংবা শুধু ওয়েব আবিষ্কার করেন টিম বারনারস লী ১৯৮৯ সালে।
এটি ইন্টারনেটের মধ্যেরই একটা সেবা,এবং একটি প্রটোকল।ওয়েব ইন্টারনেটের একটা অ্যাপ্লিকেশান,
এমন আরেকটি অ্যাপ্লিকেশান হল ই-মেইল।যেহেতু ওয়েবের আকারে দিন দিন বড় হতে থাকল,
তাই জন্ম হল সার্চ ইঞ্জিনগুলোর।এরকম প্রথম সার্চ ইঞ্জিন হল লাইকস(lycos),যার জন্ম ১৯৯৩ সালে।
বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় সার্চ ইঞ্জিন হল গুগল(google)।

একটা পূর্বনির্ধারিত দুঃখের গল্প

মাস শেষে টানাটানির গল্প এই মাসেও শেষ হল না।কতদিন ধরে সপ্ন দেখে যাচ্ছে রুবেল।একদিন খারাপ সময় শেষ হবে,একদিন ভাগ্য দেবী মুখ তুলে তাকাবেন,প্রতিমাস এর শেষে মা এর কাছ থেকে টাকাটা নিতে হবেনা।ফোনে মা বলবেন না,বাবা এই মাসটা একটু কষ্ট কর,এই মাসটা খুব টানাটানি যাচ্ছে।কি করবে ইদানিং ভেবে পায়না।জিনিস এর দাম প্রতিটা দাম বাড়ছে,আসলে মনে হয় চারপাশের দুনিয়াতে শুধু তার দামটা কমছে।


এমন সময় এক বন্ধু এসে বলল একটা mlm কোম্পানির কথা।ঠিক mlm ও না,online surveyর মত।survey পূরণ করলে টাকা।অফারটা খুব ভাল লাগে,কিন্তু সে যখন দেখে তার চারদিকেই যুবক,ইউনিপের মত উধাহারন আছে,ওর ইচ্ছা করে না।ওয়েবসাইট এ গিয়ে ঝকঝকে বিজ্ঞাপন দেখে,দেখে বাংলাদেশএও এর ভাল ব্যবসা আছে।চারপাশে অনেক মানুষ খুলছে,ছোট বড় সবাই ছুটছে।সবাই অনেক করে বলে,এটা বাকিদের মত হবে না।আর  শেয়ার বাজার এ মন্দা চলছে তাই সবাই এখন ওইদিক এই যাচ্ছে।বন্ধুদের কাছে পরামর্শ চায়,বন্ধুরা অনেক আশ্বস্ত করে,এদের বেলায় তেমন কিছু হওয়ার কথা না।প্রতিদিনই নতুন নতুন মানুষ আসছে,আর মূল টাকাটা উঠে যেতে তো তিন মাস এর বেশি লাগবে না।তারপরও সে সিদ্ধান্তহিনতায় ভুগছে দেখে বন্ধু বলে,পৃথিবীতে কোন ব্যবসা নেই যাতে রিস্ক নেই।অকাট্য যুক্তি।মাত্র ১৬০০০ টাকার ব্যাপার।সবার জন্য এটা এমন কিছু না,কিন্তু তার পরিবার যে অবস্থায় আছে তাতে এটাও যে অনেক বড় একটা টাকা।বিধাতাকে আরেকবার অভিশাপ দিয়ে সে ধার করে টাকাটা দেওয়ার সিদ্ধান্ত নিয়ে নেয়।কয়েক মাস চললেও তো তার টাকা উঠে যাবে।বিধাতা আশা করি এতটা বিরূপ হবেন না।
কয়েকটা survey করেও ফেলে।এমন সময় বড় পর্দায় ক্রিকেট চলার সময় কোম্পানির বিজ্ঞাপন দেখে আরও আশায় বুক নেচে উঠে তার।পরীক্ষার জন্য অনেকদিন ব্যাস্ত থাকায় সব দেখা হয়ে উঠে না।তখনই একদিন দেখে তার survey আসা বন্ধ হয়ে গেছে।তার একটু দুশ্চিন্তা হয়,দুশ্চিন্তা কে পাত্তা দেয় না।সব ঠিক হয় যাবে বোধ হয়,এমন সময় খবর দেখে পুলিশ ওই কোম্পানির কিছু মানুষকে arrest করেছে,এমন সময় তার কোম্পানি টাকে নিয়ে গবেষণা করতে ইচ্ছা হল।এক সন্ধ্যায় ইন্টারনেট এ বসে সে যা বুঝতে পারলো,তা মোটামুটি এমন,তারা সবাই যে কোম্পানিতে টাকা দিয়েছে,তা বাংলাদেশ বা ইন্ডিয়া কোন দেশ এই রেজিস্টার করা না।তা রেজিস্টার করা তৃতীয় দেশ সিংগাপুর এ।যদিও তারা বলে তারা mlm না,তারা আসলে pyramid sceme এর মত,ডান হাত বা হাত এর ব্যবসা করে।সিঙ্গাপুরএ এমন ব্যবসা অবৈধ।আরও বুঝে তার টাকা তা চলে গেলেও সে রুই কাতলদের কারও খোঁজ পাবেনা।কারণ তাদের নেতা কে,টাকার হিসাব কে রাখে,কিংবা কা কে তারা এই survey বিক্রি করে কেউ জানে না।আরও জানলো সিংগাপুর এ তাদের অফিস এর ঠিকানায় অন্য প্রতিষ্ঠান এর অফিস আছে।সে আরও জানলো সে যে টাকা গুলো দিয়েছে তা আসলে একটা ম্যাগাজিন এর সার্ভিস চার্জ।যে ম্যাগাজিনএ আসলে তেমন কিছুই নেই,আর survey না করলে সে এক টাকাও পাবে না,আর কোম্পানিও দিতে বাধ্য না।কোন অফিস না থাকার পরও এই দুই দেশ থেকে তারা কয়েকশ কোটি টাকা নিয়ে গেছে,আর দেশ এর সরকারও তেমন কিছু করতে পারছে না।হঠাৎ করেই একদিন survey আসা বন্ধ হয়ে গেলো।তারা কারণ দেখাল যে এই দেশ এর  পরিশ্রমী মানুষরা যে survey করে তা নাকি মানসম্মত না।এখন তার মাথায় হাত পড়ে।কারণ এতদিন যে টাকা গুলো দিয়েছে কোম্পানিটা আসলে কম্পিউটার এর স্ক্রীন এর কিছু ডাটা ছাড়া আর কিছুই না।ফেসবুক এ কোম্পানির পেজ এ এখন আর পোস্ট পড়ে না।যারা  এই দেশ এ ব্যাবসা শুরু করেছিলো তাদের ফোনও নাকি বন্ধ।এবারও সে হতাশ হতে গিয়ে আশার ভেলায় ভাসা শুরু করে এটা ভেবে যে ইন্ডিয়াতে তো এখনও কোম্পানির ব্যবসা আছে।এমন সময় ইন্ডিয়া সরকার ওই কোম্পানির ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে দেয়।কোম্পানির প্রতিনিধি বাংলাদেশ এ তাদের যে একটা ব্যবসা আছে তাই অস্বীকার করে বসে।আরও জানা যায় কোম্পানির মালিক আসলে সিংগাপুর এরও না।



নির্ঘুম রাত পার হওয়ার সময় রুবেল হঠাৎ বুঝতে পারে গল্পের বাকি অংশ কি,এই লোভ এর পরিনতি কি। সে নিজেকে ধিক্কার দিবে নাকি সরকারকে দোষ দিবে নাকি দোষ দিবে সেই ব্যবসায়িদের এটাও বুঝে না।ওর ধার নেয়া টাকা ফিরত দেওয়ার সময়ও ঘনিয়ে এসেছে,নিজের মা এর যন্ত্রণাক্লিষ্ট মুখ এর কথা ভেবে তার অনেক কান্না পায়।সে বুঝতে পারে আরও ২ লাখ মানুষও সেই কষ্টের মধ্য দিয়ে যাচ্ছে।