রবিবার, ১৭ জুলাই, ২০১১

আমরা যে খেলাগুলো খেলে থাকিঃমানুষের সম্পর্কের মনস্তত্ত্ব

বাবা ঘরে ফিরল,সারাদিন অফিস করে।এসে,দেখল তার মেয়ে টিভি দেখছে।
কিছু কথা বলার পর বাবার কেন যেন মনে হল মেয়েটা তার সাথে রুঢ় আচরণ করছে,তাই তার
রাগ উঠে,অথবা আসলেই মেয়েটা তার সাথে রুঢ় আচরণ করে যা তার বাবাকে রাগিয়ে তুলে।
দোষটা যেই করুক,আস্তে আস্তে সমস্যা বাড়তে থাকে,দুজনের কণ্ঠই চড়তে থাকে।সবশেষে ৩টা
ব্যাপার ঘটার সম্ভাবনা থাকে ১.বাবা তার রুমে চলে যায়,আর জোরে দরজাটা লাগায়,২.মেয়েটা
তার রুমে চলে যায়,এবং জোরে দরজা লাগায় ৩.দুজনই তাদের নিজ নিজ রুমে যায়,আর শব্দ করে
দরজা লাগায়।এই ঘটনার জন্য,এই খেলাটার নাম 'হইচই' খেলার শেষ হল জোরে দরজা লাগান দিয়ে।



সংক্ষেপে আমরা এই থিওরিটাকে বলতে পারি,আমাদের সত্যিকারের অন্তরঙ্গতার বিকল্প হিসেবে আমরা
অনেকগুলো খেলা খেলি।অপ্রীতিকর এই খেলাগুলোর মূল্য খেলোয়ারকে দিতে হয়,মাঝে মাঝে একজনকে
অথবা দুজনকেই।





১৯৬১ সালে এরিক বার্ন একটা বই লিখেছিলেন ,বইয়ের শিরোনাম অতিরিক্ত বোরিং।
Transactional Analysis in Psychotherapy.
নাম দেখে ঘুম পায়,যদিও বইটা সফল ছিল নতুন ধারণার প্রবর্তন করার
জন্য।তার তিনবছর পর,বইটার ধারণাটা এগিয়ে নিতে তিনি নতুন একটা বই লিখেন।
নাম দেন,games people play অথবা যে খেলাগুলো মানুষ খেলে
থাকে।বইটার শিরোনাম অনেক বেশি আকর্ষণীয়,লেখা হয়েছিলো সাধারণ মানুষের
বোঝার মত করে কথ্য ভাষায়।প্রথম দিকে বিক্রি তেমন ভালো ছিল না।কিন্তু
বছর দুয়েকের মধ্যে বইটা নিউইয়র্ক টাইম্‌সের বেস্টসেলারের তালিকায় উঠে আসে।
সাইকোলজি ছাড়া এই বইটা আরেকটা ধারণা দেয়,পপ সাইকোলজির বই নামক
নতুন একটা ধারণা।সাধারণ মানুষ পায় সাইকলজির দুনিয়াতে এসে পড়ার স্বাদ।
নন ফিকশন বই লিখেও এরিক বেশ ধনী হয়ে গেলেন।


আমরা সবাই জানি,নিজেকে নিজে সাহায্য করা কিংবা আত্মউন্নয়ন জাতীয় বই কিংবা
কঠিন কঠিন ভাষায় লেখা সাইকোলজির বইয়ের কথা।এরিক নিয়ে আসলেন
সম্পূর্ণ ভিন্ন একটা ধারা।দেখা যাক তার ধারণাটা সংক্ষেপে কি ছিল।


এরিক বলেন,কোন মানুষ যদি অনেকদিন ধরে সংবেদী অনুভুতি না পায় তবে তার
মধ্যে সাইকোসিসের লক্ষন দেখা যায় ।তাই আমাদের মানুষের সংস্পর্শে থাকতে হয়।
কিন্তু সব সময় সেটা সম্ভব না বলে,আমরা কম্প্রমাইসে যাই।তখন আমাদের
মানসিক অভিঘাতের প্রয়োজন হয়।আরও সহজ ভাষায় বলতে গেলে ছোট ছোট
মানসিক ধাক্কার প্রয়োজন হয়।ধরা যাক কোন বিশাল সিনেমার স্টারের কথা।
তার কাছে মানসিক অভিঘাত হয়ে উঠে প্রতি সপ্তাহে তার কাছে আসা হাজার হাজার
চিঠি।আমাদের সময়ের জন্য সেটা হতে পারে ফেসবুকে ফ্যানদের হাজার হাজার
ওয়াল পোস্ট।আবার কোন বিজ্ঞানীর জন্য হয়ত সেটা তার কর্মক্ষেত্রের কোন
বড় বিজ্ঞানীর প্রশংসা।


এই অভিঘাতগুলোকে এরিক বলেন,সামাজিক কাজগুলোর একক।আর যখন আমরা এই
অভিঘাতগুলো আদানপ্রদান করি,তখন তাকে এরিক বলেন,মানসিক লেনদেন।



প্রশ্ন হল আমরা কেন খেলি?


আমাদের এই অভিঘাতগুলো প্রয়োজন তাই।মানুষ এই সমাজে লেনদেন করছে যদিও
এই লেনদেনগুলো নেগেটিভ হচ্ছে।কারণ তার কাছে,একদম না থাকার চেয়ে "কিছু একটা"
আছে এই অনুভুতিটা জরুরি।তার যখন নৈকট্যর প্রয়োজন হয়ে পড়ে,সে তখন এরিক
বর্ণিত মানসিক খেলা খেলতে শুরু করে।এই খেলাগুলোর ফলাফল হয় মোটামুটি
আন্দাজ করা যায়।খেলাগুলো খেলা হয় গোপন উদ্দেশ্য নিয়ে।কিন্তু আমরা অধিকাংশ সময় বুঝে
উঠিনা,আমরা একটা খেলা খেলছি,আমাদের কাছে এটা প্রতিদিনকার মত ব্যাবহার।
অনেকটা পোকার খেলার মত।আমাদের সত্যিকারের অভিসন্ধি কেউ আন্দাজ
করতে পারে না,কারণ আমরা খেলাতে জিততে চাই।যখন এটা আমরা ব্যবসায় খেলছি তখন
আমরা হয়ত কোন কাজ পাওয়ার জন্য করি।কিন্তু যখন আমাদের সম্পর্কগুলোর মধ্যে এই
খেলাটা খেলা হয়,তখন পুরস্কার কি?উত্তর হল,মানসিক প্রশান্তি আর
প্রিয়জনের উপর নিয়ন্ত্রণ বাড়ান।


যারা সাইকোএনালাইসিসের ব্যাপারটা সম্পর্কে জানে,এরিকের ট্রান্সএকশনাল এনালাইসিস খুব
ভিন্ন মনে হবেনা।সেটা অবশ্য মনোবিদদের দরকার।সহজ একটা ঘটনা দেখি আমরা।
একবার এরিকের কাছে একটা রোগী আসলো,যে স্বীকার করল যে সে আসলে বড়দের শরীরে
একটা শিশুমন,যেটা আটকা পরে আছে।যখন সে তার অনুভুতিগুলো বলে,পরে এরিক জিজ্ঞাসা করেন,এটা তার
ভিতরের বাচ্চার কথা নাকি বড় হয়ে যাওয়া অংশের কথা।এভাবে উনি বুঝলেন একটা মানুষের
মনের মধ্যে তিনটা শেলফের তাকের মত অবস্থা রয়েছে,একটি অন্যটিকে বিরোধিতা করে।

১।অভিভাবকদের চিন্তা চেতনা(আমাদের বাবা মার মত)


২।প্রাপ্তবয়স্কদের মত যুক্তিবাদীটা,সত্যকে মেনে নেয়ার ক্ষমতা


৩।বাচ্চাদের মত কাজ কারবার।


ধরা যাক,আমাদের কোন সামাজিক যোগাযোগ হচ্ছে,আমরা এই তিনটা
অবস্থার একটাতে থাকবো,কিন্তু আমরা দ্রুত এক অবস্থান থেকে অন্যটিতে
যেতে পারি।কোন একটা নির্দিষ্ট অবস্থায়,আমরা বাচ্চাদের মত ক্রিয়েটিভ,আগ্রহী আর
সুন্দরে মুগ্ধ হতে পারি,আবার তাদের মত সহজে রেগেও যেতে পারি।

আমরা যখন খেলি,তখন আমরা তিন অবস্থার একটা বেছে নেই।যখন আমরা নিরপেক্ষ
আর সত্যিকারের অন্তরঙ্গ হতে পারতাম,আমরা যা চাই তা পাওয়ার জন্য আমরা হয়ে উঠি
আদেশ দেওয়া অভিভাবকের মত,কিংবা অবুঝ বাচ্চার মত,কখনও নিজের ভেতরের
প্রাপ্তবয়স্কের কঠিন মতামত বের করে আনি।


একটা রাষ্ট্রও কি খেলতে পারে?অবশ্যই পারে।



এবার আসা যাক তাত্ত্বিক কচকচানির বাস্তব উধাহারনে।



খেলা ১:শুধু তোমার জন্যই আমি......


এই খেলাটা দম্পতিদের মধ্যে বেশি খেলা হয়।এই খেলার খেলোয়াড়রা দাবি করে,তারা জীবনে
যা করতে চাইছিল,তার সঙ্গীটি এই পথের বাধা।


এরিক আমাদের ধারণা দেন,আমরা অবচেতন মনে এমন কোন সঙ্গি বেছে নেই,যেন
আমরা তাদের উপর নির্দিষ্ট শর্ত দিয়ে সীমা আরোপ করতে পারি।উদাহারন হিসেবে
এরিক দেখান,একজন মহিলা যার নাচ শেখার অনেক ইচ্ছা।সমস্যা হল,তার
স্বামী বাইরে যেতে তেমন পছন্দ করেন না,তাই মহিলার সামাজিক জীবনটা
অনেক ছোট।উনি একটা নাচের স্কুলে ভর্তি হলেন,কিন্তু উনি তখন দেখলেন,মানুষের
সামনে নাচতে উনার অসম্ভব ভয় করছে অবশেষে তিনি স্কুল ছেড়ে চলে আসেন।এখানে
এরিকের ভাষ্য হচ্ছে,যে কারণে আমরা আমাদের সঙ্গীটিকে বেশি দোষারোপ করছি,
আমাদের মাঝেই ঐ দোষটা হয়ত বেশি আছে।এই দোষ দেওয়ার খেলাতে,আমাদের
ভয় পাওয়া কিংবা ত্রুটিগুলোর দায়িত্ব আমরা এড়িয়ে যাচ্ছি।



খেলা ২:কেন এটা করছ না?- আচ্ছা,করলাম,তাহলে......


এই খেলাটা শুরু হয়,যখন কেউ তাদের জীবনের কোন একটা সমস্যা বলে,
তখন অন্য ব্যাক্তিটি কোন একটা গঠনমুলক উপদেশ দেন কিভাবে সমস্যাটি
সমাধান করতে হবে।তখন প্রথম ব্যাক্তি বলেন,ঠিক আছে তাই করলাম কিন্তু...এবং উনি এই
সমাধানের মধ্যে ভুল খোঁজা শুরু করেন।যখন আমরা প্রাপ্তবয়স্ক অবস্থায় থাকবো তখন
আমরা সমাধানটি নিয়ে যুক্তি দিয়ে ভাববো।কিন্তু আমাদের এই কথোপকথনের উদ্দেশ্য
সেটা ছিল না।এটার মাধ্যমে সে দ্বিতীয় ব্যাক্তির কাছ থেকে সিমপ্যাথি আদায় করছে
যা তার শিশু অবস্থাটার প্রয়োজন।তখন দ্বিতীয় ব্যাক্তিটি অভিভাবক অবস্থায় খেলতে যাচ্ছে।




খেলা৩:আমিতো খোঁড়া তাই......


যখন কেউ এই খেলাটা খেলে তখন সে মোটামুটি একটা রক্ষনশিল অবস্থান নেয়
এবং বলে 'একজন খোঁড়া পায়ের/মাতাল/বিকারগ্রস্থের কাছ থেকে তুমি কি আশা 
কর?'তার নিজের মধ্যের কিছু সমস্যাকে সে তার সকল ব্যার্থতার জন্য দায়ি 
করে,যেন তাদের জীবনের সকল দায়িত্ব থেকে পালিয়ে বেড়াতে পারে।


খেলা৪: অনুষ্ণ মেয়ে-যে যৌনতায় আগ্রহী না।


এই খেলা শেষ হয় সাধারনত ভয়ানক ঝগড়া দিয়ে।সাধারণত,কোন কোন 
মেয়ে ছোটবেলা থেকে যৌনতা কিংবা পুরুষের ব্যাপারে খারাপ ধারণা নিয়ে বেড়ে 
উঠে।সাধারণত এমন হয় যদি কেউ নিজের পরিবারের মধ্যে নির্যাতনের শিকার 
হয়।হয়ত সে ছোটবেলায় পরিবারের কাছের কারও মাধ্যমে নির্যাতনের শিকার,কিংবা
 হয়ত তার বাবাকে বেড়ে উঠার  সময় সে ভালো ব্যাবহার করতে দেখেনি।

তাই মেয়েটা ধরে নেয় যৌনতা ব্যাপারটা খারাপ,আর পুরুষ মানুষ মাত্রই খারাপ।
এই কারণে তার সঙ্গী তার সাথে স্বাভাবিক যৌনসম্পর্ক গড়ে তুলতে পারেনা।


আবার যদি ছেলেটাও এমন খেলাতে আগ্রহী হয়,সে ইচ্ছে করেই এমন একজন 
অনুষ্ণ মেয়েকে তার সঙ্গী হিসেবে বেছে নিয়েছে,কারণ আসলে সে তার সঙ্গিনীর মতই 
সত্যিকারের যৌনসম্পর্কে আগ্রহী না।


খেলা ৫:ফাঁদ পাতার খেলা 




এই খেলার পুরস্কার হয় তার কোন কাজ করতে অস্বীকৃতি জানানো আর যাকে 
ফাঁদ পেতে ধরা হল তার উপর ক্ষমতার যে অনুভুতি সেটা পাওয়ার জন্য।


এই খেলা শুরু হয়,প্রথম কোন লোক,ধরা যাক,কোন মেয়ের সাথে অন্তরঙ্গতা 
বাড়ায়।তাকে আশা দেয়,তার পর তাকে যা দেওয়ার কথা টা দেয় না।যেমন তার একাকিত্তে সঙ্গ।
আশাটা ছিল ফাঁদ,আর মানুষটা যখন নির্ভরশীল হয়ে পড়লো তখন 
যে ফাঁদটা পেতে ছিল সে তার সুবিধা তোলা শুরু করে।


খেলা ৬:সব দোষ সরকারের...


এই খেলাটা যারা খেলে তারা তাদের ব্যাথতা থেকে সব কিছুতেই সরকারের দোষ খুঁজে পায়
সরকার যত ভালো কাজই করুক।তাদের যে কাজ করে খেতে হবে এটা তারা মানতে চায়না।


খেলা ৭:সরকার সম্পর্কিত আরেকটি খেলা 


কিছু মানুষ হয়ত কোন দোষই করেনি,কিন্তু তারা কষ্ট ভোগ করে,এর সাথে 
খেলাটার কোন সম্পর্ক নেই।কিন্তু আরেক স্রেনির মানুষ আছে,যারা অবচেতন 
মনে কষ্ট পেতে চায়।অবচেতনে যারা এই কষ্টটা  তাদের দিলো,তাদের প্রতি 
এই কষ্টবিলাসীরা একপ্রকার খুশিই হয়।

তারা হয়ত অনেকদিন ধরেই একটা অযোগ্য আর দুর্নীতিবাজ সরকারকে 
সমর্থন দিচ্ছে।আস্তে আস্তে সকল কিছুতেই যখন অযোগ্যতার ছাপ পড়তে থাকে 
,তখন তারা একত্রিত হয়,অভিযোগ করতে থাকে,আর 'কি ভয়ানক।'
খেলাটা খেলতে থাকে।যদিও তারাই এই দুর্নীতিবাজ সরকার ক্ষমতায় এনেছিল।
কিন্তু তারাই কোন উদ্যোগ নেয় না,বিকল্প ব্যাবস্থার,অথবা বিকল্প দলের যারা
হয়ত তাদের জন্য যোগ্য সরকার এনে দিতে পারতো।



খেলা ৮:আম্মু,ভাইয়া ওইটা করেছে...


এই খেলাতে বাচ্চারা অভিভাবকদের কাছে বিভিন্ন অভিযোগ করে।তাদের 
অবচেতন মনের ইচ্ছা থাকে,বাবা মা হয়ত তাদের ভাই বা বোনকে বকা অথবা শাস্তি 
দিবেন।এই খেলাটা বাচ্চারা মাঝে মাঝে বাবা মার কাছে নিজের গুরুত্ব বাড়াতেও 
খেলে থাকে।

খেলা ৯:ধার্মিকতার ছদ্মবেশ


এই খেলাতে সাধারণত যে খেলে সে খুব ধার্মিকতার ভাব ধরে।সাধারণত 
সে অন্যকে এটা নিয়ে কথা শোনাতে ছাড়েনা,যদিও তার ভেতরে ধর্ম নিয়ে 
তেমন কোন অনুভুতি নেই।



খেলা ১০ :সব দোষ তার 



যারা এই খেলা খেলে তাহলে সে সবকিছুতেই অন্যদের দোষ খুঁজে পায়।
তারা এই খেলা খেলতে খেলতে এতোটাই পারদর্শী হয় যে তারা সকল কিছু তেই সমস্যা 
খুঁজে পাবে,সেই কাজটা যত ভালো ভাবেই করা হোক না কেন।


খেলা ১১ :দেশগুলোর মধ্যে খেলা,শান্তির বার্তা


এই খেলাটা আমাদের চারপাশে অহরহ খেলা হয়।সকল দেশই শান্তির কথা 
বলে চলে কিন্তু আদতে শান্তির ব্যাপারে অনেকেই আগ্রহী না,নিজেদের স্বার্থেই।


এমন আরও অসংখ্য খেলা আছে যা আমরা খেলে থাকি।এরিক বলেন এই খেলাগুলো
 খেলার নিয়ম আমরা জন্মপ্রদত্ত ভাবে পেয়ে আসি,যদিও 
এগুলো আমাদের জীবনের অনেক কিছুকেই সীমাবদ্ধ করে দেই,কিন্তু এই 
খেলাগুলো দিয়ে আমরা একধরণের সুখানুভূতি অনুভব করি,এবং অন্যান্য 
মানসিক সমস্যা থেকে আমাদের চোখ কিছুক্ষণের জন্য হলেও সরিয়ে রাখতে
সাহায্য করে।আবার কেউ কেউ ভাবে তাদের আপন জন কিংবা বন্ধুদের 
সাথে ঝগড়া করতে হবে,সম্পর্কে আগ্রহী থাকতে হলে।এরিক আমাদের সাবধান করে
দেন,যদি আমরা অনেক দিন ধরে খারাপ ধরণের খেলা গুলো খেলতে থাকি তা আমাদের 
জন্যই ক্ষতিকর হবে।



যদিও এরিকের কাজকে পপ সাইকোলজির অংশ ভাবেন অধিকাংশ 
মনোবিদ,সাইকোলজিতে তার অবদান কম না।ট্রান্সঅ্যাকশনাল এনালাইসিস 
চিকিৎসায় বেশ ব্যাবহিত হয়।ফ্রয়েডীয় ধারণার সাথে অনেক মিলই আছে,
অবচেতনের তাড়না,কিংবা এমন অনেক কিছুই ফ্রয়েডীয় ধারণার সাথে মিলে যায়।
এরিকের মতে আমরা আসলে এই খেলাটা বন্ধ করতে পারি,যদি আমাদের কাছে 
বিকল্প জানা থাকে।আমরা যখন আমাদের ছোটবেলা পিছনে ফেলে আসি,তখন আমরা 
আমাদের প্রাকিতিক ভাবে প্রাপ্ত আত্মবিশ্বাস,কৌতূহল আমরা পিছনে ফেলে 
অভিভাবকদের ধারণার সাথে মিশে যেতে চাই,পারি আর না পারি।যদি আমরা 
আমাদের মনের এই তিনটা ধারণার সাথে আরও ভালো ভাবে পরিচিত হই,
তাহলে আমরা আরও বেশি 'আমরা' হয়ে উঠতে পারব।আমরা আমাদের 
নিজেদের দায়িত্বগুলোকে আরও সহজে মেনে নিতে পারব,অন্যদের মুখাপেক্ষি না হয়ে,
আর আমরা সত্যিকারের অন্তরঙ্গতার বদলে তখন এই খেলাগুলোও খেলব না।




(চাইছিলাম এরিকের এই কাজ নিয়ে কিছু লিখতে।
লিখতে বসে দেখি সব মিলিয়ে খিচুড়ি হয়ে গেছে।অসাধারণ অসাধারণ সব উধাহারণ বাদ দিতে
হল কারণ লেখা অতিরিক্ত দীর্ঘ হয়ে গেল।এখন একটা বাংলা বিজ্ঞান pdf এর কাজ করছি
তাই ব্লগে লেখা জমাচ্ছিলাম,তাও ভাবলাম লেখাটা এখানেই রাখি।)


লেখাটি অনুবাদ,ভাবানুবাদ অবশ্য।মূল লেখার অনেক কিছুই আমি বাদ দিয়ে অনেক কিছু যোগ করেছি।
মূল বইঃeric berneর games people play.
২.tom butler bowdenএর 50 psychology classic
৩.internet

1 টি মন্তব্য: