মঙ্গলবার, ২ এপ্রিল, ২০১৩

অপেক্ষা



অনেকক্ষণ ধরে পোকাটাকে দেখছে শেফালী।এদিক ঘুরে,ঐদিকে ঘুরে...দেয়াল থেকে তার বিছানায় উঠার চেষ্টা।সে ইচ্ছা করলেই পোকাটার উঠার চেষ্টাকে প্রতিরোধ করতে পারে,কিন্তু তার সেই ইচ্ছাটুকু করার শারীরিক সামর্থ্য নেই বলে মনে হচ্ছে।সে অপেক্ষায় আছে,অনেকক্ষণ ধরেই অপেক্ষায় আছে।অপেক্ষার সময় মনে হয়,সময়টা বোধহয় শেষ হচ্ছে না।

শেফালী হাসপাতালের প্রসূতি বিভাগে ভর্তি।পেট ব্যাথা উঠেছিল,শেফালী ভেবেছিল,বেশি কিছু না,আগের বারও সে যখন পোয়াতি হয়েছিলো,এমন না হয়তো,কিন্তু ব্যাথা ছিল।ডাক্তার বলে দিলো,এবার হাসপাতালের ভর্তি হতেই হবে।বাচ্চা নাকি ঠিক জায়গায় নাই।তার কোন পার্থক্য মনে হয়না,এক রকম ই লাগে।সেই নাড়াচাড়া,সেই একই অনুভূতি।ডাক্তার দেখাতে গিয়ে বরং বেশ কিছু টাকা চলে গেলো।

পাশ ফিরে একদিকের অসার অংশকে মুক্তি দিতে চাইল।হাসপাতালে সময় বুঝা যায়না।সময় এখানে আঁটকে আছে মনে হয়।বড় বিরক্ত লাগে।প্রসূতি বিভাগের সব নতুন মায়ের শরীর থেকে একটা গন্ধ আসে,শেফালীর নিজেরও আছে বোধহয়।কেরোসিনের মত কিছু একটার গন্ধে সবকিছু চাপা পরে আছে।এখন নিজেকে কেমন দম বন্ধ বন্ধ লাগে।পাশের বিছানার মহিলা চোখ বুজে পরে আছে।পাশের দোলনায় মহিলার বাচ্চাটাও ঘুমাচ্ছে।বড় ক্ষুধা লাগে।কেউ কিছু এনে দেওয়ার নেই।অবাক লাগে,এও কিছুর পর,এত কষ্টের পর,গতরাতের কষ্ট ভুলে এখন শরীরে ক্ষুধা প্রবল হয়ে আছে।গরম ভাতের সাথে গরম মুরগীর সালুন খেতে ইচ্ছা করে,সাথে কাটা পেঁয়াজ,আর কাঁচা মরিচ।বিন্তির বাপ যেদিন ঘরে একটু কিছু ভালো কিছু রান্না হতো,রান্নার সময় পাশে বসে লাল টমেটো,আর শসা কাটত,সালাদ বানাবে বলে।অভাবের সংসারে এমন দিন যদিও কমই আসতো।সুখ কি জিনিস খুব একটা জানে না সে,খুব কম বয়সে সংসার শুরু করেছে,জামাই ব্যাবসা করে জানত,কিন্তু যখন সে শহরে আসলো,দেখল,ওর জামাই আসলে রিকশা চালায়,আর বসবাস বস্তিতে।নিয়তি কে মেনে নিয়েছে শেফালী।বিধাতাকে খুব একটা দোষ দেয়না।


বিন্তির বাপ না-ই করেছিল।বাচ্চাটা পেটে আসার পর।জামাই সারাদিন রিকশা চালায়,আর ও দু এক বাড়িতে কাজ করে,চলেই যাচ্ছিল।অর-ই সখ হয়েছিলো।ওর মন বলছিল,এবারের টা ছেলে হবে।নামটাও ঠিক করে রেখেছিলো।যে আপার বাড়িতে কাজ করে,তার ছেলের নামের সাথে মিলিয়ে অন্তু।জানতো কাজটা কঠিন হবে,বিন্তির বাপ চাইবে না।চায়ও নি।ভেবেছিল,দেখতে দেখতে দশ মাস চলে যাবে।কিছুতেই হইল না।এর মাঝে একদিন মাথা ঘুরিয়ে সিঁড়ি থেকে পরে গেলো।রক্ত গেছিলো অনেক।


এর চেয়ে বড় বিপদ অবশ্য অপেক্ষা করছিল।বিন্তির বাপ একদিন সকালে উঠে দেখে নাই।যা জমানো কয়েকশো টাকা ছিল,সব নিয়ে উধাও।আর পাওয়া গেলো না।পরে বুঝল,পাশের বস্তির জমিলার সাথে ভেগে গেছে।কয়েকদিন কাঁদল।তারপর চোখের পানিও আর ঝরে না।শুরু হল,প্রতিদিনের যুদ্ধ।বিন্তির খাবার-ই জোটে না,আর ওর পেটের মধ্যে মনে হল বড় হচ্ছে একটা রাক্ষস।রাতের বেলা এত ক্ষুধা লাগে,আর সহ্য হতে চায়না।ক্ষুধাতে বিন্তি প্রথম প্রথম কাঁদত,শেফালী শক্ত হয়ে বুঝাতে চেষ্টা করতো,কিন্তু এত ছোট বাচ্চা,কি বুঝবে।পরে ও মেয়ের সাথে সাথেই কাঁদত।পাশের ঘরের রহিমের বউ চেষ্টা করতো একটু খাবার দিয়ে সাহায্য করতে।কিন্তু কিসে কি।পেটের আগুন কিছুতেই নিভে না।শেষ পর্যন্ত ভিক্ষায় নামলো,তাও যেন দিন যায়না। ওর মনে হয়,একটা পাথর নিয়ে চলছে সে,কিন্তু কাউকে বলতে পারছেনা,শুধু মাঝে মাঝে কান্না পায়,তখন কাঁদতে থাকে।কারও ঘরের সামনে একটু ভালো খাবারের গন্ধ পেলেই বসে থাকে রাস্তায়,কেউ যদি দরজা খুলে,কেউ যদি একটু কিছু খেতে দেয়,আসলে কিছুই হয়না। পড়নের কাপড়টা শতছিন্ন,সে হাত পেতেই বসে থাকে।দিন যায় না,দিনগুলো যেতেই চায় না।


ব্যাথা উঠল মাঝরাতে।পাশের বাড়ির লোকগুলো অনেক সাহায্য করলো।হাসপাতাল পর্যন্ত পৌঁছে দিলো,প্রথমে মাটিতেই থাকতো,এক নার্স দয়াপরবশ হয়ে একটা বেডে তুলে দিয়েছিল।হাসপাতালটা সবসময় মনখারাপ মনখারাপ মনে হয়।পাশের বেডের মহিলাগুলোকে কতজন দেখতে আসে,কতকিছু নিয়ে আসে।ওর কেউ নেই,একাই থাকে।বিন্তি থাকে পাশের বাড়ি।ওর আর কোন কষ্টের অনুভূতি নেই,শুধু অনেক ক্ষুধা লাগে।মাকে মনে পরে,মাছভাজা দিয়ে গরম ভাত খাইয়ে দিত,সাথে থাকতো শুকনো মরিচ।ও অশান্তি করে,এদিক ওদিক করে,মাঝে মাঝে উঠে বাথরুমে যেতে হয়,বড় কষ্ট হয়।অন্যদের খাবার দেখে মুখে জল আসে।পারে না,এভাবে আর পারে না।


তার ছেলেটা বড় দুর্বল হয়েছে।বড় কষ্টে মাঝে মাঝে চোখ মেলে চায়।শেফালীর মনে হয়,ওর জীবনের সকল কষ্টের কারণ এখন ঐ ছেলেটাই।হওয়ার সময় খুব একটা কষ্ট দেয়নি,কিন্তু ওর বাকি সব যেন শেষ হয়েই গেছে।ছেলে পাশের দোলনায় দোল খায়,আর ওর চোখের তারায় চিন্তা খেলা করে,কি হচ্ছে,সব কিছু বড় বেশি অতিপ্রাকৃত মনে হয়।কি হল,কি হচ্ছে,হাতে ঢুকানো নল,কিংবা সাদা রঙের ডাক্তার,মানুষের ছুটাছুটি,হাসপাতালের সাদা আলো,তবে সব যেন এক দুঃস্বপ্ন।তবে এখন হালকা লাগছে,শেষ দিকে মনে হতো,পৃথিবীর সব ভার যেন তার পেটে চেপে বসেছে।


তার ছেলেটা ভালোমত কাঁদতেও পারছে না।বড় দুর্বল।ছেলেকে সে দিয়ে দিবে।মহিলা এসে দেখে গেছে,মধ্যবিত্ত পরিবার,তার ছেলেকে যে নিবে এটাও তো ভাগ্য।হাসপাতালের একটা মহিলা নিয়ে এসেছে ওদের।এখন জীবন নামের সংগ্রামে সে বড় ক্লান্ত,আর কোন কিছু সে ভাবতেও পারছে না।হয়ত ভাবছে তার ছেলে একটু ভালো থাকবে,তার আর এমন দায়িত্ব কাধে নিতে হবে না।একটু খারাপও লাগছে,মনে হচ্ছে এটা তো তার ই একটা অংশ।কিন্তু,জীবনের আর কোন অনিশ্চয়তায় সে বাচ্চাটাকে সঙ্গী করতে চায়না।জীবন বড় ভারী,আর পারেনা সে।জীবনের এই অধ্যায় শেষ করে সে বাড়ি ফিরতে চায়।তাই অপেক্ষা বড় বেশি মনে হয়।হাসপাতালের মহিলা বলল,ঐ পরিবার নাকি হাজার দশেক টাকাও দিবে।ভাবতে চাইছে না,তাও মাথায় আসছে,টাকাটা দিয়ে কি করবে সে।মাঝে মাঝে মনের মাঝে কেউ বলে উঠে,সে কি বিক্রি করে দিচ্ছে বাচ্চাটা?এতই কি হৃদয়হীন হচ্ছে সে?পোকাটাকে আর দেখা যাচ্ছে না।বিছানায় উঠে গেলো নাকি?যন্ত্রণা...


(মূল গল্প এখানেই শেষ। যাদের কাছে বড় বেশি অসম্পূর্ণ মনে হবে তাদের জন্য পরের অংশ।)



বছর তিনেক পর...


শেফালী রাস্তার পাশে বসে আছে।আজকের দিনটা এমনিতেই মেঘলা।ওর ছোট্ট চায়ের দোকানের পাশ দিয়ে,রহিমের বাপ ওর ছাগলটা নিয়ে যাচ্ছে,ছাগলের পিছনে পিছনে বাচ্চাটা তিরিংবিরিং করে যাচ্ছে।শেফালী জিজ্ঞাস করে,ছাগল নিয়ে যাচ্ছে কোথায় রহিমের বাপ?রহিমের বাপ বলল,মা ছাগলটা তার বাচ্চাকে ছাড়তে চাইছে না।টাকারও খুব দরকার...তাই একসাথেই বিক্রি করে দিতে চাইছে।


কেন জানি শেফালীর তার ছেলেটার কথা মনে পড়ে। ও কি আসলেই হৃদয়হীন হয়ে গিয়েছিলো?দুর্বল বাচ্চাটা কষ্টে ভুগে নতুন বাপ মার কাছে দুইদিনেই নিউমোনিয়াতে মারা গিয়েছিলো।বেঁচে থাকলে কি এমনই করে ওর পিছনে ঘুরে বেড়াতো?কয়েক মুহূর্ত ভেবে সে কাপে পানি ঢালা শুরু করে,কে জানি চা দিতে বলেছিল।


মেঘলা দিন তার গতিতে চলতে থাকে।







কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন